চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর আর কোনো ম্যাচ খেলেননি। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস টেনডনের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজও মিস করেছিলেন তিনি। বিশ্বকাপে মাঝপথে দলে যুক্ত হওয়ার আশায় শুরুতে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল হ্যাজলউডকে। তবে চিকিৎসা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সম্ভাবনা আর বাস্তবসম্মত মনে করছেন না নির্বাচকরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেন, হ্যাজলউডের সুস্থতা ত্বরান্বিত করার চেষ্টা করলে তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তাঁর ভাষ্য, সুপার এইট পর্বের আগেই হ্যাজলউড ম্যাচ ফিট হয়ে উঠবেন এমন আশা থাকলেও বাস্তবে এখনও তার জন্য সময় লাগবে।

হ্যাজলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে চাপ আরও বেড়েছে। আগেই পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, যিনি অ্যাশেজে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন।

এর আগে বোলিং অলরাউন্ডার শন অ্যাবটকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে যুক্ত করা হলেও এখনই কাউকে আনুষ্ঠানিকভাবে বদলি হিসেবে দলে নেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। ডোডেমেইড জানান, শুরুতে দল নিয়ে তারা আত্মবিশ্বাসী এবং প্রয়োজন অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে এই সপ্তাহেই। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ ফেব্রুয়ারি, কলম্বোতে, আয়ারল্যান্ডের বিপক্ষে।