বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের, অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী অলরাউন্ডার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের, অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী অলরাউন্ডার

বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের, অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী অলরাউন্ডার

বছরের শেষেই দেশে ফেরার আশা সাকিবের, অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী অলরাউন্ডার

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় নাম সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেও নতুন করে আলো জ্বলেছে তার দেশে ফেরার ইঙ্গিতে। দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করা এই অলরাউন্ডার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরতে পারেন যা স্বাভাবিকভাবেই তার ভক্ত ও দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।

ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সাবেক এই অধিনায়ক। অনিশ্চয়তার মধ্যেও আশাবাদী থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারব। ঠিক কীভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।”

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে অবস্থান করছেন সাকিব। তবে মাঠের ক্রিকেট থেকে পুরোপুরি দূরে নন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন, যদিও জাতীয় দলের জার্সি যেন ধরা দিচ্ছে না।

রাজনৈতিক পরিবর্তনের পর দেশের হয়ে চারটি টেস্ট খেললেও সেগুলো ছিল দেশের বাইরে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি নিরাপত্তাজনিত কারণে। ফলে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তার অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এই বাস্তবতায় নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন সাকিব। জাতীয় দলে ফেরা যে পুরোপুরি তার হাতে নেই, সেটি উল্লেখ করে তিনি পরিস্থিতির ওপরই নির্ভরতার কথা জানিয়েছেন।

একই সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও আত্মসমালোচনার সুর শোনা যায় তার কণ্ঠে। সময়ের বিচারে সেটি আরও পরিণতভাবে নেওয়া যেত বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, “পেছনের দিকে তাকালে মনে হয়, অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত।”

সব মিলিয়ে, অনিশ্চয়তা আর অপেক্ষার এই সময়ে সাকিবের বার্তা স্পষ্ট তিনি ফিরতে চান, আর সেই প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট।