নাহিদ রানার অভিষেকের দিনে জিতল পেশোয়ার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 17 মিনিট আগে
নাহিদ রানার অভিষেকের দিনে জিতল পেশোয়ার

নাহিদ রানার অভিষেকের দিনে জিতল পেশোয়ার

নাহিদ রানার অভিষেকের দিনে জিতল পেশোয়ার

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসএলে শেষ বল পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে হায়দরাবাদ কিংসম্যানকে ৪ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি।

জালমির জয়ের ভিত গড়ে দেন তাদের বোলাররা। শুরুতেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কিংসম্যানকে বড় সংগ্রহ গড়তে দেয়নি তারা। ব্যাটিংয়ে নেমে লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথ পর্যন্ত স্বচ্ছন্দ থাকলেও শেষ দিকে ম্যাচে ফিরে আসে উত্তেজনা।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জালমির হয়ে নেতৃত্ব দেন অধিনায়ক বাবর আজম। ৩৭ বলে ৬টি চারে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। কুশল মেন্ডিস করেন ২৭ রান, আর মাইকেল ব্রেসওয়েল যোগ করেন ২৫ রান এই তিনজনের অবদানেই জয়ের ভিত্তি তৈরি হয়।

তবে সহজ জয়ের পথে শেষ দিকে হোঁচট খায় জালমি। ১৭.১ ওভারে ১২৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। সেখানেই দারুণ স্নায়ুচাপে জয় ছিনিয়ে নেন ইফতিখার আহমেদ, যিনি ১০ বলে অপরাজিত ১৫ রান করেন। আমির জামাল যোগ করেন গুরুত্বপূর্ণ ৬ রান।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল হায়দরাবাদ কিংসম্যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা বড় স্কোর গড়তে পারেনি। দলের পক্ষে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন কুশল পেরেরা ও মার্নাস লাবুশানে। পঞ্চম উইকেটে এই জুটি ৫৫ বলে ৮২ রান যোগ করে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করে।

তবে তাদের বাইরে আর কেউ দাঁড়াতে পারেননি। সাতজন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন, যার মধ্যে চারজন শূন্য রানে আউট হন।

জালমির হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ইফতিখার আহমেদ। মাত্র আট বলের ব্যবধানে চারটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন তিনি।

এদিন পেশোয়ারের হয়ে অভিষেক হয় বাংলাদেশের নাহিদ রানার। ৩ ওভার বল করে ৩০ রান দেন তিনি। বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম দেন ২ ওভারে ২১ রান। কেউ ই কোনো উইকেটের দেখা পাননি।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল পেশোয়ার জালমি। অন্যদিকে, টানা তৃতীয় হারে এখনও জয়হীন রয়ে গেল হায়দরাবাদ কিংসম্যান।