শিরোপা হাতছাড়া, ভারতের কাছে ৪৬ রানে হারল বাংলাদেশের মেয়েরা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ নাসির, প্রশ্ন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে
-
2
শাদাবকে কঠোর জবাব দিলেন আহমেদ শেহজাদ
-
3
ওমানকে গুঁড়িয়ে বিশ্বকাপ শেষ সাবেক চ্যাম্পিয়নদের
-
4
জাহানারার অভিযোগে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করল বিসিবি
-
5
সাকিবের ফোরার প্রসঙ্গে যা বললেন বিসিবি পরিচালক আসিফ আকবর
শিরোপা হাতছাড়া, ভারতের কাছে ৪৬ রানে হারল বাংলাদেশের মেয়েরা
শিরোপা হাতছাড়া, ভারতের কাছে ৪৬ রানে হারল বাংলাদেশের মেয়েরা
স্বপ্নের শিরোপা আর ধরা হলো না বাংলাদেশের মেয়েদের। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে শেষ বাধা পেরোতে পারেননি ফাহিমা খাতুনরা। ভারতের কাছে ৪৬ রানে হেরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলকে। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আর বাংলাদেশ শেষ করেছে দ্বিতীয় স্থানে।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ১৩৪ রান। জবাবে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ৮৮ রানে; সবকটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
ফাইনালে ওঠার পথে দুই দলের পথচলাও ছিল ভিন্ন স্বাদের। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করে ভারত নারী দল। অন্যদিকে কঠিন লড়াইয়ে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা আশাব্যঞ্জকই ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের গতি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, ব্যাটিং লাইনআপে নেমে আসে ধস। শেষ পর্যন্ত সেই ধাক্কা সামলে ওঠা আর সম্ভব হয়নি।
ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। শারমিন সুলতানা যোগ করেন ১৮ রান। অধিনায়ক ফাহিমা খাতুন করেন ১৪, আর সাদিয়া আক্তারের ব্যাট থেকে আসে ১০ রান। বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ভারতের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন প্রেমা রাওয়াট। তিনটি উইকেট শিকার করেন তিনি। সোনিয়া ও তানুজা নেন দুটি করে উইকেট। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট তুলে নেন।
এর আগে ভারতের ইনিংসের শুরুটাও ছিল নড়বড়ে। মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে পঞ্চম উইকেট জুটিতে দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস হাল ধরেন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ৬৯ রানের জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন রাধা যাদব। অন্যপ্রান্তে অবিচল ছিলেন তেজাল হাসাবনিস। ৩৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় সাজানো ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দিনেশ ভ্রিন্দা যোগ করেন ১৯ রান, তবে বাকিরা কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
বাংলাদেশের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন, একাই নেন চারটি উইকেট। এছাড়া আরও দুজন বোলার একটি করে উইকেট শিকার করেন। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত শিরোপা অধরাই থেকে যায় বাংলাদেশের মেয়েদের।
