কোহলি-রোহিত থাকলে অভিষেকের উপকার হতো দাবি কাইফের

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 24 মিনিট আগে
কোহলি-রোহিত থাকলে অভিষেকের উপকার হতো দাবি কাইফের

কোহলি-রোহিত থাকলে অভিষেকের উপকার হতো দাবি কাইফের

কোহলি-রোহিত থাকলে অভিষেকের উপকার হতো দাবি কাইফের

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার ব্যাট এখনো নিশ্চুপ। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে চাপে পড়েছেন বাঁহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক মঞ্চে এমন শুরুর পর স্বাভাবিকভাবেই তার আত্মবিশ্বাস ও মানসিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাকের অভিজ্ঞতা হয় অভিষেকের। মাঝের একটি ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি। দলে ফিরে পরের দুই ম্যাচেও রানের খাতা খুলতে ব্যর্থ হন। সব মিলিয়ে টানা তিন শূন্য, যা যে কোনো ব্যাটারের জন্যই হতাশার।

এই প্রেক্ষাপটে ভারতীয় ড্রেসিংরুমে অভিজ্ঞতার ঘাটতির বিষয়টি সামনে এনেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে অভিষেকের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কাইফ বলেন, “অভিষেকের বর্তমান ফর্মের কথা বললে, সে তিনটি ম্যাচে শূন্যতে ফিরেছে, এখনও রানের খাতা খুলতে পারেনি। এমন সময় ভিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের অনুপস্থিতি অনুভব হয়।”

কাইফের মতে, দলে যদি ভিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ ব্যাটাররা থাকতেন, তাহলে তরুণ ক্রিকেটারদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো। 
তিনি বলেন,“ওই মানের ক্রিকেটাররা যখন দলে থাকে, তরুণরা অনেক উপকৃত হয়। ভিরাট পায়ের কাজ আর প্রান্ত বদল করার গুরুত্ব সম্পর্কে তাকে পরামর্শ দিত। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ ক্রিকেটাররা অনেক সহায়তা করেন।”

২০২৪ বিশ্বকাপ জয়ের পর কোহলি ও রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। কাইফের ভাষায়, তাদের বিকল্প পাওয়া গেছে বলা সহজ, কিন্তু বাস্তবে সেই শূন্যতা এখনো পূরণ হয়নি। বড় মঞ্চে ব্যর্থতার সময় একজন অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি তরুণ ব্যাটারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।

সব মিলিয়ে অভিষেকের টানা তিন শূন্য শুধু ব্যক্তিগত ব্যর্থতার বিষয় নয়। এটি ভারতীয় দলে অভিজ্ঞ নেতৃত্বের ঘাটতির আলোচনাকেও সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয়, কঠিন এই সময় কাটিয়ে কত দ্রুত ছন্দে ফিরতে পারেন তরুণ এই ওপেনার।