দক্ষিণ আফ্রিকার নতুন মৌসুমের চুক্তি ঘোষণা, বাদ মিলার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 4 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার নতুন মৌসুমের চুক্তি ঘোষণা, বাদ মিলার

দক্ষিণ আফ্রিকার নতুন মৌসুমের চুক্তি ঘোষণা, বাদ মিলার

দক্ষিণ আফ্রিকার নতুন মৌসুমের চুক্তি ঘোষণা, বাদ মিলার

আসন্ন ব্যস্ত মৌসুমকে সামনে রেখে ২০২৬–২৭ সালের জন্য চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত তালিকায় পুরুষদের জন্য ১৮টি ও নারীদের জন্য ১৫টি কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি অফস্পিনার সাইমন হারমারকে দেওয়া হয়েছে একটি হাইব্রিড চুক্তি।

এবারের চুক্তিতে সবচেয়ে আলোচিত দিক পাঁচ নতুন মুখের অন্তর্ভুক্তি। প্রথমবার জাতীয় চুক্তি পেয়েছেন ওটনেইল বার্টম্যান, করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস ও কারাবো মেসো। একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে ২০ জনের ‘প্লেয়ার্স অব ন্যাশনাল ইন্টারেস্ট (পোনি)’ তালিকাও প্রকাশ করেছে সিএসএ, যারা জাতীয় দলের পরবর্তী সারির হিসেবে বিবেচিত।

তবে বড় চমক হয়ে এসেছে অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারের বাদ পড়া। গত মৌসুমে হাইব্রিড চুক্তিতে থাকা মিলার এবার কোনো ধরনের চুক্তিই পাননি। ফলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে এমন ধারণা জোরালো হচ্ছে। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা এই ক্রিকেটার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকলেও অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি।

হাইব্রিড তালিকা থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনও। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের হয়ে খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এছাড়া ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি ও লিজাদ উইলিয়ামস, ব্যাটার রিজা হেনড্রিকস এবং নারী অলরাউন্ডার এলিজ-মারি মার্ক্সও চুক্তির বাইরে রয়েছেন।

এক বিবৃতিতে সিএসএর নির্বাচক সমন্বয়ক প্যাট্রিক মোরোনি জানিয়েছেন, সামনে গুরুত্বপূর্ণ মৌসুম থাকায় দলকে আরও শক্তিশালী ও গভীরতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ এবং তার পরবর্তী সময়কে সামনে রেখে বড় আইসিসি টুর্নামেন্ট জয়ের লক্ষ্যও তাদের পরিকল্পনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত। এই সময়টিতে দক্ষিণ আফ্রিকার পুরুষ দল ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে মোট আটটি টেস্ট খেলবে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া শ্রীলঙ্কা সফর এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও থাকবে সূচিতে।

চুক্তিভুক্ত তালিকায় টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমার পাশাপাশি জায়গা পেয়েছেন ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনে, এডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেনদের মতো নিয়মিত মুখ। সব প্রধান পেসারই চুক্তিতে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা আনরিখ নর্টজে এবারও চুক্তির বাইরে রয়েছেন, যিনি ইনজুরির কারণে আগেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন।

নারী দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। নতুন মুখ হিসেবে কেবল কারাবো মেসো চুক্তি পেলেও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছে সিএসএ। সাবেক অধিনায়ক ডেন ভ্যান নিকের্ক চুক্তি না পেলেও বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।