আকিব জাভেদকে কড়া জবাব জেসন গিলেস্পির, পাকিস্তান ক্রিকেটে আবার বিতর্ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগে আপডেট: 1 ঘন্টা আগে
আকিব জাভেদকে কড়া জবাব জেসন গিলেস্পির, পাকিস্তান ক্রিকেটে আবার বিতর্ক

আকিব জাভেদকে কড়া জবাব জেসন গিলেস্পির, পাকিস্তান ক্রিকেটে আবার বিতর্ক

আকিব জাভেদকে কড়া জবাব জেসন গিলেস্পির, পাকিস্তান ক্রিকেটে আবার বিতর্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) অন্তর্দলীয় কোন্দল ও বিতর্ক থামার নামই নিচ্ছে না। সম্প্রতি পাকিস্তানের সাবেক পেসার এবং বর্তমান হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক টেস্ট কোচ ও অস্ট্রেলীয় কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি।

সম্প্রতি আকিব জাভেদ এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর সাবেক কোচ জেসন গিলেস্পি এবং তৎকালীন অধিনায়ক শান মাসুদের কাছে পরবর্তীতে কী করার তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না। তিনি বলেন, এর পরই তিনি ও নির্বাচক কমিটি পিচ এবং দল পরিবর্তন করে স্পিনারদের অন্তর্ভুক্ত করেন এবং পাকিস্তান বাকি দুই টেস্ট জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজের করে নেয়।

আকিব জাভেদের এই দাবির পাল্টা জবাব দিয়ে গিলেস্পি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। আকিবকে কটাক্ষ করে গিলেস্পি বলেন, "আকিব, আকিব, আকিব... তুমি আমাকে কিছুই জিজ্ঞাসা করোনি। তুমি সোজা এসে বললে, 'আমরা এই কাজটাই করতে যাচ্ছি।' তোমরা পিচে অতিরিক্ত বালি ছিটিয়ে দিয়েছিলে। এমনকি রাওয়ালপিন্ডি টেস্টের আগে দেখেছি তারা শিল্পে ব্যবহৃত বড় ড্রায়ার দিয়ে উইকেট শুকাচ্ছিল এবং কর্মীরা ছুরি দিয়ে পিচ ঘষছিল আমি এগুলোর কোনোটির সঙ্গেই একমত ছিলাম না।"

প্রথম টেস্টে স্পিনার না খেলানো প্রসঙ্গে গিলেস্পি ব্যাখ্যা করেন যে, পিসিবির নতুন নির্বাচক কমিটি আসার আগে তাদের নির্দেশ ছিল কেবল ফিটনেস টেস্টে উত্তীর্ণ খেলোয়াড়দেরই দলে নেওয়ার। অনেক স্পিনারই সেই ফিটনেস ক্রাইটেরিয়া পূরণ করতে পারেননি। কিন্তু আকিব আসার পর চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিয়ম বদলে নিজের পছন্দ মতো দল তৈরি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে রেড বল কোচের দায়িত্ব পাওয়া গিলেস্পি ডিসেম্বর মাসেই পদত্যাগ করেন। তিনি জানান, কোচ থাকা সত্ত্বেও তাকে পুরোপুরি এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হতো এবং হাই-পারফরম্যান্স কোচ বাতিল করার মতো বড় সিদ্ধান্তেও তাকে অন্ধকারে রাখা হয়েছিল, যা তাকে মানসিকভাবে অপমানিত বোধ করায়।