ফিটনেস টেস্ট পাস না করলে মিলবে না এনওসি, আইপিএলের আগে কড়াকড়ি শ্রীলঙ্কা ক্রিকেটে
ফিটনেস টেস্ট পাস না করলে মিলবে না এনওসি, আইপিএলের আগে কড়াকড়ি শ্রীলঙ্কা ক্রিকেটে
ফিটনেস টেস্ট পাস না করলে মিলবে না এনওসি, আইপিএলের আগে কড়াকড়ি শ্রীলঙ্কা ক্রিকেটে
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হলে এখন বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে আইপিএল ২০২৬ সামনে রেখে দেশটির বেশ কয়েকজন ক্রিকেটারের অংশগ্রহণ এখন নির্ভর করছে এই পরীক্ষার ওপর।
আইপিএলে খেলতে যাওয়ার কথা রয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গা (লখনৌ সুপার জায়ান্টস), নুয়ান থুশারা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স) এবং ইশান মালিঙ্গার (সানরাইজার্স হায়দ্রাবাদ)। তবে এনওসি পেতে হলে তাদের আগে পাস করতে হবে নির্ধারিত ‘ফিজিক্যাল পারফরম্যান্স টেস্ট’।
অন্যদিকে দুশমন্থ চামিরা ও পাথুম নিসাঙ্কা (দিল্লি ক্যাপিটালস) এবং কামিন্দু মেন্ডিস (সানরাইজার্স) ইতোমধ্যেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএলে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন।
বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নুয়ান থুশারার এনওসি নির্ভর করছে তার ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর। আর হাসারাঙ্গা, মালিঙ্গা ও পাথিরানা এখনও এই পরীক্ষায় অংশ নেননি, কারণ তারা ইনজুরি কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বা চলাকালীন চোট পাওয়া এই তিন ক্রিকেটারের মধ্যে পাথিরানা ইতোমধ্যেই আইপিএলের শুরুর অংশ মিস করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দলে যোগ দিতে পারবেন।
নতুন এই ফিটনেস কড়াকড়ির পেছনে রয়েছে জাতীয় দলের নতুন নির্বাচক কমিটি, যার নেতৃত্বে আছেন প্রমোদয়া বিক্রমাসিংহে, এবং দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা। মে মাসের শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এই সময়টিকে খেলোয়াড়দের ফিটনেস উন্নয়নের জন্য বিশেষ ট্রেনিং ব্লক হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের জন্য আট সপ্তাহের বিশেষ ফিটনেস প্রোগ্রাম পরিচালনা করছে এসএলসি। এর অংশ হিসেবে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা নেওয়া হচ্ছে, যেখানে ২ কিলোমিটার দৌড়সহ একাধিক শারীরিক সক্ষমতার মূল্যায়ন করা হচ্ছে।
বোর্ড জানিয়েছে, যারা এই পরীক্ষায় নির্ধারিত মান অর্জন করতে পারবেন, কেবল তারাই ঘরোয়া প্রতিযোগিতা ও আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার জন্য এনওসি পাবেন।
আগামী ২৮ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে আইপিএল ২০২৬ আসর।
