করাচি কিংসে হেনড্রিকস, ব্যক্তিগত কারণে ছিটকে গেলেন চার্লস
করাচি কিংসে হেনড্রিকস, ব্যক্তিগত কারণে ছিটকে গেলেন চার্লস
করাচি কিংসে হেনড্রিকস, ব্যক্তিগত কারণে ছিটকে গেলেন চার্লস
পিএসএলকে সামনে রেখে দলে শেষ মুহূর্তের পরিবর্তন এনেছে করাচি কিংস। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস ব্যক্তিগত কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রিজা হেনড্রিকসকে।
হেনড্রিকসের জন্য এটি হবে পিএসএলে দ্বিতীয় অধ্যায়। ২০২৪ মৌসুমে মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন তিনি, যেখানে আট ইনিংসে ৩০৪ রান করেছিলেন ৪৩.৪২ গড়ে এবং ১৩৪.৫১ স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টি ফরম্যাটে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ ২৯৬ ম্যাচে করেছেন ৬৪টি হাফসেঞ্চুরি ও ৫টি সেঞ্চুরি।
করাচি কিংসের স্কোয়াডে হেনড্রিকস যোগ হওয়ায় বিদেশি তারকাদের তালিকাও আরও শক্তিশালী হলো। আগে থেকেই দলে আছেন ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মইন আলি এবং সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।
গত মৌসুমে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে ২০২১ সালের পর প্রথমবারের মতো প্লে-অফে জায়গা করে নিয়েছিল করাচি। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
২৭ মার্চ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে করাচি কিংসের পিএসএল ২০২৬ অভিযান।
