সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, লাঞ্চে শান্ত-হৃদয় ক্রিজে
সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, লাঞ্চে শান্ত-হৃদয় ক্রিজে
সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, লাঞ্চে শান্ত-হৃদয় ক্রিজে
প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে থেমে যাওয়ার ধাক্কা সামলে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৯ রান। ক্রিজে টিকে আছেন নাজমুল হোসেন শান্ত ১২ ও তাওহীদ হৃদয় ২৩ রান নিয়ে।
বিশাল পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে অর্ধশতক পূর্ণ করেন এই দুই ব্যাটার।
ব্যক্তিগত ২১ রানের মাথায় অবশ্য জীবন পেয়েছিলেন মাহফিজুল। কাগিসো রাবাদার ডেলিভারিতে স্লিপ অঞ্চলে সহজ সুযোগ তৈরি হলেও তা লুফে নিতে ব্যর্থ হন এইডেন মার্করাম।
চমৎকার শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি তামিম। নিজের অসাবধানতায় আবারও সাজঘরের পথ ধরেন তিনি; উইয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে ধরা পড়েন কিপারের হাতে। ২৯ রানে তামিম ফিরলে ৫৮ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি।
তামিমের বিদায়ের পরপরই দ্রুত আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। মুল্ডারের লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে আলতো ছোঁয়ায় গ্লাভসবন্দী হন শূন্য রানে থাকা মুমিনুল হক।
স্বচ্ছন্দে ব্যাট চালাতে থাকা মাহফিজুলও শেষ পর্যন্ত ভুলের মাশুল দেন। মার্কো ইয়ানসেনের নিচু হওয়া ডেলিভারিটি না খেলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, যা সরাসরি আঘাত করে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টাতে পারেননি মাহফিজুল; ৩৮ রানে থামায় ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় দল।
এর আগে দ্বিতীয় দিনেই চার শতাধিক রানের লিড নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের সকালে আর ক্রিজে নামেনি স্বাগতিকরা; ৭ উইকেটে ৪৯৪ রানে নিজেদের প্রথম ইনিংস সমাপ্ত ঘোষণা করে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়ার হতাশা পেছনে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়াটাই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
