মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়

মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়

মেহিদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে গায়ানার সহজ জয়

কারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে পরাজিত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। বল হাতে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে গায়ানার বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান তুলতে সক্ষম হয় ট্রিনবাগো নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

এই ম্যাচের পুরো আলোটাই কেড়ে নেন বাংলাদেশের অলরাউন্ডার মেহিদী হাসান মিরাজ। প্রভিডেন্সের স্পিন সহায়ক উইকেটে ট্রিনবাগোর শক্তিশালী ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন তিনি। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচায় তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। 

পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ২৬ রান করা বিপজ্জনক ওপেনার কলিন মানরোকে বোল্ড করেন মিরাজ। ঠিক পরের বলেই বোল্ড আউট করে সাজঘরে ফেরান ট্রিনবাগোর অধিনায়ক নিকোলাস পুরানকে। পাওয়ারপ্লেতেই জোড়া ধাক্কা দিয়ে ট্রিনবাগোকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পর মিডল অর্ডারে জাইদ গুলি এবং সুনিল নারিনকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি।

ট্রিনবাগোর দেওয়া ১২৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দেখে-শুনে খেলা শুরু করে গায়ানা। টপ অর্ডারে গ্লেন ফিলিপস ১১ ও মাভেন্দ্র দিনদিয়াল ১৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা শাই হোপের ধৈর্যশীল ব্যাটিং গায়ানাকে জয়ের দিকে নিয়ে যায়। 

মাঝে শিমরন হেটমায়ার ১৯ বলে ২৮ রানের একটি চটজলদি ইনিংস খেলে দলের জয় আরও সহজ করে দেন। যদিও ব্যাট হাতে চারে নেমে মিরাজ ১৪ বলে মাত্র ২ রান করে আউট হন, তবে শাই হোপের অপরাজিত ৪২ রান ও কুয়েন্টিন স্যাম্পসনের অপরাজিত ১২ রানের উপর ভর করে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

বল হাতে অসাধারণ স্পেল করে ম্যাচের গতিপথ পুরোপুরি গায়ানার পক্ষে ঘুরিয়ে দেওয়ার স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার পান মেহিদী হাসান মিরাজ। তাঁর এই ঘূর্ণি জাদু গায়ানাকে আসরে আরও একটি নিশ্চিত ও বড় জয় এনে দিল।