ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা, নতুন মুখ কামিল পুরান
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সফরের জন্য ওডিআই ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ১৫ সদস্যের এই দুই স্কোয়াডে প্রথমবার জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনিং ব্যাটার কামিল পুরান। অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে দুর্দান্ত ফর্মে থাকা শিমরন হেটমেয়ারকে। তবে পুরো সফর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার জেসন হোল্ডারকে।
চলতি সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ) সেন্ট লুসিয়া কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন কামিল পুরান। ৮ ইনিংসে ১৫৯.৬৪ স্ট্রাইক রেটে ২৭৩ রান করা এই তরুণকে সুযোগ দেওয়া প্রসঙ্গে সিডব্লিউআই জানিয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উদীয়মান প্রতিভা গড়ে তোলার লক্ষ্যেই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শিমরন হেটমেয়ারকে টি-টোয়েন্টি দলে রাখা হলেও ওডিআই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিপিএল শেষে তাকে বাড়তি সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। হেটমেয়ার পরে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।
হ্যামস্ট্রিংয়ের আঘাত কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটার কোয়েন্টিন স্যাম্পসন। চোটের কারণে গত আগস্টে অস্ত্রোপচার হওয়ায় সফর থেকে ছিটকে গেছেন টপ-অর্ডার ব্যাটার আকিম অগুস্ত। এছাড়া উভয় ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন জুয়েল অ্যান্ড্রু।
২৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ভারতের আটটি ভিন্ন শহরে তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। সিরিজ খেলতে ২১ সেপ্টেম্বর দেশ ছাড়বে ক্যারিবীয় দলটি এবং ২৩ সেপ্টেম্বর থিরুভানান্থাপুরামে পৌঁছাবে।
উল্লেখ্য, এই সিরিজের প্রথম দুটি ওডিআই ম্যাচের মাধ্যমেই ২০২৭ সালের আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপের সরাসরি যোগ্যতার সময়সীমা শেষ হবে। তবে এই ম্যাচে জয় পেলেও রেটিং পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে আগামী বছরের শুরুতে বাছাইপর্ব খেলেই মূল পর্বের টিকিট কাটতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ ওডিআই স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লস, গুডাকেশ মোতি, কিমো পল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমেয়ার, আকিল হোসেইন, শামার জোসেফ, গুডাকেশ মোতি, কিমো পল, কামিল পুরান, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, কোয়েন্টিন স্যাম্পসন, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
