নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
গুরুতর মুখের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে সর্বোচ্চ তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন। এর মধ্যে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার সম্ভাবনাও রয়েছে।
অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারানো সিরিজে নেতৃত্ব দেওয়া স্টোকস ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করান, ডারহামের নেটে এক একাডেমি খেলোয়াড়ের মারা বল সরাসরি মুখে লাগার পর। এর আগে জানুয়ারিতে সিডনিতে গ্রোয়িন ইনজুরি কাটিয়ে এপ্রিল-মে মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফেরার পরিকল্পনা থাকলেও নতুন এই চোটে তার প্রত্যাবর্তন পিছিয়ে যায়।
এখন তিনি ডারহামের হয়ে দুটি চারদিনের ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন ৮ মে ওরচেস্টারশায়ারের বিপক্ষে এবং ১৫ মে কেন্টের বিপক্ষে। এছাড়া ২২ মে অ্যারান্ডেলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলবেন কি না, সেটি নির্ভর করবে তার ফিটনেসের ওপর। এরপর ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ইসিবির রেকর্ড করা এক সাক্ষাৎকারে স্টোকস এই ইনজুরিকে “দুর্ভাগ্যজনক ঘটনা” হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। “বলটা সরাসরি মুখে লেগেছিল। ব্যাপারটা বেশ গুরুতর ছিল, তবে খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে ভালো ফলই বলা যায়,”
তিনি আরও বলেন, “আরও কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলে হয়তো আজ আমি এই সাক্ষাৎকার দিতে পারতাম না। সবকিছু বিবেচনায় আমি ভাগ্যবান, এজন্য কৃতজ্ঞ।”
এই চোটে তার মাঠে ফেরা প্রায় এক থেকে দেড় মাস পিছিয়েছে বলেও জানান স্টোকস। ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলা নির্ভর করবে তার শারীরিক অবস্থা ও ডারহামের হয়ে কাজের চাপ সামলানোর ওপর।
একই সাক্ষাৎকারে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন স্টোকস। অস্ট্রেলিয়ায় দলের পারফরম্যান্স “গ্রহণযোগ্যতার সীমা ছাড়িয়েছে” স্বীকার করে তিনি বলেন, “অনেক কিছুর জন্য আমাদেরই দায় নিতে হবে।”
