সভাপতি বদল নিয়ে হাস্যরসাত্মক সিমন্স, আলোচনাকে ফেরালেন ক্রিকেটে
সভাপতি বদল নিয়ে হাস্যরসাত্মক সিমন্স, আলোচনাকে ফেরালেন ক্রিকেটে
সভাপতি বদল নিয়ে হাস্যরসাত্মক সিমন্স, আলোচনাকে ফেরালেন ক্রিকেটে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক সময়ে প্রশাসনিক পরিবর্তনের গতি এতটাই দ্রুত যে জাতীয় দলের কোচ ফিল সিমন্সের কাছেও বিষয়টি নিয়ে প্রশ্ন থামছে না। তবে প্রশ্ন যতই আসুক, উত্তরে বরাবরের মতোই শান্ত, কিছুটা হাস্যরস মেশানো ভঙ্গিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই ক্যারিবিয়ান কোচ। কখনো সরাসরি উত্তর, কখনো বা সংক্ষিপ্ত মন্তব্য সব মিলিয়ে বোঝা গেল, বোর্ডের রদবদল নয়, তার চোখ এখন পুরোপুরি মাঠের ক্রিকেটেই।
সম্প্রতি সংবাদ সম্মেলনে সিমন্সকে প্রশ্ন করা হয় ‘খেলোয়াড়ী জীবন শেষে এত দ্রুত কাউকে সভাপতি চেয়ারে বসতে দেখেছেন?’ উত্তরের আগে তিনি খানিকটা হেসে নেন, এরপর সরাসরি আলোচনাটা ক্রিকেটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এ সময় তিনি বলেন, ‘ক্রিকেটে থাকুন’।
তামিম ইকবালের নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। বিসিবির এমন দ্রুত পরিবর্তন তাকে অবাক করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, ‘জীবনে কোনো কিছুই এখন আর আমাকে অবাক করে না। এটা শুধু বাংলাদেশের জন্য বলছি না, জীবনটাই এমন। আমি অনেক কিছুর মধ্য দিয়ে এসেছি এবং জানি যে প্রতিদিন এখানে অনেক কিছু ঘটতে পারে। তাই আমি কোনো কিছুতেই অবাক হই না।’
তিনি আরো বলেন, ‘তারা তো আর প্রধান কোচ হিসেবে আসছেন না। আমার কাজ দলকে প্রস্তুত করা এবং আমি সেটাই করে যাচ্ছি।’
সব মিলিয়ে প্রশাসনিক পরিবর্তনের আলোচনাকে পাশ কাটিয়ে সিমন্সের দৃষ্টি এখন সম্পূর্ণভাবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে তিনি কিউইদের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান।
