প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিনটি ওয়ানডে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিনটি ওয়ানডে

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিনটি ওয়ানডে

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড, লাহোরে তিনটি ওয়ানডে

আগামী বছরের শুরুতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফর করবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে এটিই হবে আইরিশ দলের প্রথম সফর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের আগে পাকিস্তানের 'এ' দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচও খেলবে সফরকারীরা।

আগামী ২০, ২২ ও ২৪ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ থেকে ১৭ জানুয়ারি একই ভেন্যুতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে আয়ারল্যান্ডের সিনিয়র দল।

ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে এই সফরকে দেখছে আয়ারল্যান্ড। ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আয়ারল্যান্ডের ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরের কথা থাকলেও পাকিস্তানের চলমান আন্তর্জাতিক হোম মৌসুমের কারণে তা স্থগিত করা হয়েছিল। পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) শুরুতে মাল্টি-ফরম্যাট সিরিজ নিয়ে আলোচনা করলেও ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে উভয় বোর্ডই ৫০ ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৬ সালে ইংল্যান্ড সফরের সময় ডাবলিনে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আয়ারল্যান্ড। ওয়ানডেতে এখন পর্যন্ত সাতবার দেখা হয়েছে দুই দলের; এর মধ্যে পাঁচটিতে জিতেছে পাকিস্তান এবং ২০০৭ বিশ্বকাপে কিংস্টনে আয়ারল্যান্ড পেয়েছিল একমাত্র জয়।

২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ড তাদের উদ্বোধনী টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, যেখানে তারা পাঁচ উইকেটে হেরে যায়। এরপর টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে লডারহিলে।

আয়ারল্যান্ড পুরুষ দল আগে কখনো পাকিস্তানে না খেললেও তাদের নারী দল ২০২২ সালের নভেম্বরে প্রথমবারের মতো পাকিস্তানে গিয়ে লাহোরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে নারী বিশ্বকাপ বাছাইপর্ব খেলতেও তারা লাহোরে সফর করে।