নিউজিল্যান্ড সিরিজের আগে প্যান্টের ভাগ্য বিসিসিআই মেডিকেল টিমের হাতে
নিউজিল্যান্ড সিরিজের আগে প্যান্টের ভাগ্য বিসিসিআই মেডিকেল টিমের হাতে
নিউজিল্যান্ড সিরিজের আগে প্যান্টের ভাগ্য বিসিসিআই মেডিকেল টিমের হাতে
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ভারত দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটার রিশাব প্যান্টকে চূড়ান্ত সবুজ সংকেত দেওয়ার আগে আরও একটি ফিটনেস অ্যাসেসমেন্ট বা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মেডিকেল টিম প্যান্টের চোটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে ভ্রমণের ছাড়পত্র দেবে।
ক্রিকইনফো জানিয়েছে, গত অক্টোবরের শুরুতে ইরানি কাপে খেলার সময় সাইড স্ট্রেইনে (পাঁজরের চোট) ভোগা প্যান্ট বেঙ্গালুরুর 'সেন্টার অফ এক্সেলেন্স' (সিওই)-এ একটি প্রাথমিক শারীরিক পরীক্ষা দিয়েছেন। তবে তাকে মাঠে ফেরার চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে মেডিকেল টিম আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ অক্টোবর থেকে সিওই-তে থাকা প্যান্ট সম্পূর্ণ ফিট প্রমাণিত হলে নিউজিল্যান্ডে যাবেন। সব ঠিক থাকলে তিনি আগামী ৭ নভেম্বর লিংকনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড 'এ' ও ভারত 'এ' দলের মধ্যকার তৃতীয় চার দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের মূল দল এবং ভারত 'এ' উভয় দলেই প্যান্টকে অন্তর্ভুক্ত করেছিলেন নির্বাচকরা, তবে তা ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়ার ওপর শর্তাধীন ছিল। পরবর্তীতে চোটের কারণে গত ১২ অক্টোবর তাকে নিউজিল্যান্ড 'এ'-এর বিরুদ্ধে প্রথম দুটি চার দিনের ম্যাচ থেকে বাদ পড়তে হয়। প্রথম দুই ম্যাচের জন্য প্যান্টের বিকল্প হিসেবে তরুণ কিপার কুমার কুশাগ্রকে নেওয়া হলেও তিনি একাদশে সুযোগ পাননি। ভারত 'এ' দলের হয়ে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন অধিনায়ক ধ্রুব জুরেল। জুরেল মূল টেস্ট স্কোয়াডেও রয়েছেন।
