অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে

অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে

অধিনায়কত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক বাস ডি লিডে

নেদারল্যান্ডস ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)।

আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর বাকি ম্যাচগুলোতে দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বাস ডি লিডে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ পর্বের ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

ভিডিও বার্তায় সতীর্থদের উদ্দেশে এডওয়ার্ডস বলেন, “হঠাৎ করেই সিদ্ধান্তটা জানাতে হচ্ছে বলে দুঃখিত। আমি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কোচ রায়ান কুকের সঙ্গে এ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময়। একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আরও অনেক কিছু দেওয়ার আছে এবং সেটাই এখন আমার মূল লক্ষ্য।”

২০২২ সালের জুনে নেদারল্যান্ডসের অধিনায়কত্ব গ্রহণ করেন এডওয়ার্ডস। তার নেতৃত্বে দল ৫৬টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয় আসে তার নেতৃত্বে। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে প্রোটিয়াদের টুর্নামেন্ট থেকে বিদায় করার কৃতিত্বও ছিল তার দলের।

নতুন অধিনায়ক বাস ডি লিডে এডওয়ার্ডসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি মনে করি পুরো দলের পক্ষ থেকেই বলতে পারি, আপনি আমাদের অনেক স্মরণীয় লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ওপর বিশ্বাস হারিয়েছি, কিন্তু আপনি সবসময় পরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন।”

বর্তমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এই প্রতিযোগিতার শীর্ষ চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা করে নেবে।