বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর, নাটকীয় ম্যাচে বিতর্কের ছায়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর, নাটকীয় ম্যাচে বিতর্কের ছায়া

বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর, নাটকীয় ম্যাচে বিতর্কের ছায়া

বল টেম্পারিং অভিযোগে নিষেধাজ্ঞার মুখে ফখর, নাটকীয় ম্যাচে বিতর্কের ছায়া

লাহোর কালান্দার্সের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেওয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে করাচি কিংস নয়, বরং লাহোরের ফখর জামান। বলের অবস্থা পরিবর্তনের অভিযোগে অন্তত এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন এই ওপেনার, যা ছাপ ফেলেছে পুরো ম্যাচের উত্তেজনায়।

পাকিস্তান সুপার লিগে লাহোরে অনুষ্ঠিত ম্যাচটিতে করাচি কিংস ৪ উইকেটে জয় পেলেও শেষ দিকে ঘটে যাওয়া এক ঘটনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বল টেম্পারিংয়ের অভিযোগে ফখর জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, ফখরের বিরুদ্ধে লেভেল-৩ অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই ধরনের অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে অন্তত এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। ম্যাচ রেফারি রোশন মহানামা আগামী দুই দিনের মধ্যে শুনানি করবেন, যেখানে নিজের পক্ষে লড়বেন ফখর।

ঘটনার সূত্রপাত করাচির ইনিংসের শেষ ওভারের শুরুতে। তখন বলটি হারিস রউফের হাত থেকে নিয়ে পরীক্ষা করেন অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। তার আগে বলটি শহীন শাহ আফ্রিদি ও ফখর জামানের মধ্যে হাতবদল হয়েছিল। অপর আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা শেষে তারা বলটিকে ‘ট্যাম্পারড’ মনে করে পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

এরপরই করাচি কিংসকে দেওয়া হয় ৫ রান পেনাল্টি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে যেখানে ৬ বলে ১৪ রান দরকার ছিল, তা নেমে আসে ৯ রানে। সুযোগটা কাজে লাগিয়ে মাত্র দুই বলেই ম্যাচ শেষ করে দেন আব্বাস আফ্রিদি, একটি চার ও একটি ছক্কায় নিশ্চিত করেন দলের জয়।

ম্যাচ শেষে শহীন শাহ আফ্রিদি জানান, পেনাল্টি রান দেওয়ার কারণ নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। বিষয়টি আম্পায়ারদের সিদ্ধান্ত বলেই উল্লেখ করেন তিনি।

পিএসএলের খেলার শর্ত অনুযায়ী, আম্পায়াররা সন্দেহজনক পরিস্থিতিতে যেকোনো সময় বল পরীক্ষা করতে পারেন এবং প্রমাণ মিললে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে ব্যাটসম্যানরা বিকল্প বল বেছে নেওয়ার সুযোগ পান।

এদিকে ম্যাচে আরেকটি ঘটনায় করাচি কিংসের পেসার হাসান আলিকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ১৯তম ওভারে হাসিবুল্লাহর উইকেট নেওয়ার পর তার উদযাপনকে ‘উসকানিমূলক’ হিসেবে বিবেচনা করে এই শাস্তি দেওয়া হয়।