সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

দেশের ক্রিকেটে সম্মান আর স্বীকৃতির নতুন দিগন্ত খুলে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়কদের মর্যাদা আরও সুসংহত করতে ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করে ভিন্ন বার্তা দিলেন বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যারা নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য বিশেষ এই কার্ড চালুর মাধ্যমে নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চায় বিসিবি। তবে আয়োজনটি ঘিরে একটি বাস্তবতাও সামনে এসেছে আমন্ত্রণ পেলেও বেশিরভাগ সাবেক অধিনায়ক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এই উদ্যোগ বাস্তবায়নে ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করেন তামিম নিজেই। এমনকি সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে আলোচিত আমিনুল ইসলাম বুলবুলকেও ফোন করেন তিনি।

সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগের বিষয়টি তুলে ধরে তামিম বলেন, ‘ক‍্যাপ্টেন্স কার্ড আমন্ত্রণ করতে বুলবুল ভাইকে কল করেছিলাম কিন্তু উনার সঙ্গে কথা হয়নি। সাকিবকে কল করেছিলাম, কথা হয়েছে, বিদেশে থাকায় আসতে পারেনি। ম‍্যাশ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন। পাইলট ভাই, ফারুক ভাই ব্যস্ত থাকায় আসতে পারেননি।’

অনুষ্ঠানে অনুপস্থিতদের বিষয়েও আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। তিনি জানিয়েছেন, কেউ বাদ পড়বেন না সবার কাছেই পৌঁছে যাবে এই বিশেষ স্বীকৃতি।

অনুপস্থিত সাবেক অধিনায়কদের প্রসঙ্গে তামিম বলেন, ‘দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা বলতে পারিনি। ভাবির সঙ্গে কথা হয়েছে । শুভকামনা জানিয়েছেন। এখানে যারা আছেন তারা কার্ড আজকেই নিতে পারছেন। যারা নেই তাদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে। যারা দেশের বাইরে তারা যখন আসবেন তখন তাদের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে।’

এখন পর্যন্ত সাবেক অধিনায়কদের জন্য ম্যাচ দেখার আলাদা টিকিট থাকলেও সেটি ছিল সাধারণ ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ। নতুন এই ‘ক্যাপ্টেন্স কার্ড’ সেই ধারণাকে বদলে দিচ্ছে। এর মাধ্যমে তারা স্টেডিয়ামে প্রবেশ করবেন বাড়তি সম্মান ও বিশেষ সুবিধা নিয়ে।

শুধু নির্দিষ্ট কিছু ম্যাচ নয়, বিসিবির আয়োজনে দেশের যেকোনো ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচেই এই সুবিধা প্রযোজ্য হবে। এমনকি যারা মাত্র একটি ম্যাচেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তারাও এই কার্ডের আওতায় আসবেন।

এ বিষয়ে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে হাতে একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।’