নাহিদের আগুনে বোলিংয়ে করাচিকে উড়িয়ে জালমির দাপুটে জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নাহিদের আগুনে বোলিংয়ে করাচিকে উড়িয়ে জালমির দাপুটে জয়

নাহিদের আগুনে বোলিংয়ে করাচিকে উড়িয়ে জালমির দাপুটে জয়

নাহিদের আগুনে বোলিংয়ে করাচিকে উড়িয়ে জালমির দাপুটে জয়

অভিষেকের মঞ্চে আলো ছড়াতে না পারা নাহিদ রানা যেন এক ম্যাচের ব্যবধানে পাল্টে দিলেন নিজের গল্প। প্রথম ম্যাচের নীরবতার পর দ্বিতীয় উপস্থিতিতেই হয়ে উঠলেন ম্যাচের কেন্দ্রবিন্দু, আর তার আগ্রাসী বোলিং ঝড়ে উড়ে গেল করাচি কিংস।

পাকিস্তান সুপার লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমি ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে করাচিকে। প্রথমে ব্যাট করে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর প্রতিপক্ষকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দেয় তারা।

বল হাতে নাহিদ ছিলেন সবচেয়ে উজ্জ্বল। চার ওভার বোলিং করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন এই তরুণ পেসার, যা তাকে দলের সেরা বোলারের মর্যাদা এনে দেয়।

একই ম্যাচে আরেক বাংলাদেশি শরিফুল ইসলামও অবদান রাখেন। আগের দুই ম্যাচে উইকেটহীন থাকার পর এবার ৩ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি।

পেশোয়ারের বোলিং আক্রমণে পাকিস্তানের অভিজ্ঞ ইফতিখার আহমেদও ছিলেন কার্যকর। তিনি মাত্র ৯ রান খরচ করে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে পেশোয়ারের বড় সংগ্রহ গড়ার ভিত তৈরি করেন কুশল মেন্ডিস ও বাবর আজম। মেন্ডিস ৫২ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় খেলেন ১০৯ রানের দুর্দান্ত ইনিংস, যা ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। অন্যদিকে, ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থেকে ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক বাবর।

উল্লেখ্য, টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে নাহিদ ৩ ওভারে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি। তবে দ্বিতীয় ম্যাচেই তিনি প্রমাণ করলেন, সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সময় লাগে খুব বেশি নয়।