ওয়েস্ট ইন্ডিজ সফরে কুশল মেন্ডিসের হাতে শ্রীলঙ্কার নেতৃত্ব
ওয়েস্ট ইন্ডিজ সফরে কুশল মেন্ডিসের হাতে শ্রীলঙ্কার নেতৃত্ব
ওয়েস্ট ইন্ডিজ সফরে কুশল মেন্ডিসের হাতে শ্রীলঙ্কার নেতৃত্ব
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটে বড় পরিবর্তন এনেছে নতুন নির্বাচক প্যানেল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের নেতৃত্বই তুলে দিয়েছেন কুশল মেন্ডিসের হাতে। তবে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
ওয়ানডেতে কুশল মেন্ডিস অধিনায়কত্ব নিচ্ছেন চারিথ আসালাঙ্কার কাছ থেকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসালাঙ্কাকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকেও সরানো হয়েছিল। টি-টোয়েন্টিতে কুশল দায়িত্ব নিচ্ছেন দাসুন শানাকার কাছ থেকে, যিনি বিশ্বকাপের সময় অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন। তবে শানাকা টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। সব সংস্করণেই সহ-অধিনায়ক করা হয়েছে কামিন্দু মেন্ডিসকে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। চোটের কারণে আইপিএলেও খেলতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের হয়ে। তবে দলে নেই গতিময় পেসার মাথিশা পাথিরানা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নুয়ান থুশারা। এছাড়া দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও এশান মালিঙ্গাকে নিয়ে শ্রীলঙ্কার পেস আক্রমণে থাকছে ১৪০ কিলোমিটার গতির তিন বোলার। সাদা বলের দুই দলেই আছেন মিলান রত্নায়েকে।
নতুন মুখদের মধ্যে সবচেয়ে আলোচনায় ওপেনার লাসিথ ক্রুসপুল্লে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এপ্রিলের এক ম্যাচে ৭৬ বলে ১০৩ রান করার পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। এর আগে এশিয়ান গেমসে খেললেও এটিই তার প্রথম বড় আন্তর্জাতিক সফর।
টেস্ট স্কোয়াডে প্রথমবার বড় সফরে ডাক পেয়েছেন ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা এবং ২৯ বছর বয়সী অলরাউন্ডার ইসিথা উইজেসুন্দারা। এছাড়া ফিরেছেন অফস্পিন অলরাউন্ডার রমেশ মেন্ডিস। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা, সবশেষ তারা খেলেছিল গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে।
আগামী ৩ থেকে ৮ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফর। এরপর ১১, ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। দুটি টেস্ট হবে নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে, ২৫-২৯ জুন এবং ৩-৭ জুলাই।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দিনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্বা ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথা উইজেসুন্দারা, কাসুন রাজিথা।
শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, জনিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা, এশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, লাসিথ ক্রুসপুল্লে, দাসুন শানাকা, মিলান রত্নায়েকে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা, এশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।
