অস্ট্রেলিয়া সিরিজে বাবরের প্রত্যাবর্তন, বাদ রিজওয়ান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়া সিরিজে বাবরের প্রত্যাবর্তন, বাদ রিজওয়ান

অস্ট্রেলিয়া সিরিজে বাবরের প্রত্যাবর্তন, বাদ রিজওয়ান

অস্ট্রেলিয়া সিরিজে বাবরের প্রত্যাবর্তন, বাদ রিজওয়ান

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। তবে বড় চমক হয়ে এসেছে সিনিয়র উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া।

৩০ মে থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের দল ঘোষণার আগে বাংলাদেশে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সেই হতাশাজনক পারফরম্যান্সের পর নির্বাচকদের সিদ্ধান্তে বড় পরিবর্তন দেখা গেছে।

বাংলাদেশের বিপক্ষে মার্চে হওয়া ওয়ানডে সিরিজে রিজওয়ান তিন ম্যাচে করেছিলেন মাত্র ৫৮ রান। যদিও গত বছর ১৭ ওয়ানডেতে ৫৬৯ রান করে পাকিস্তানের অন্যতম ধারাবাহিক পারফর্মার ছিলেন তিনি। করেছিলেন একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি।

অন্যদিকে, মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের প্রতিক্রিয়ায় তাকে দল থেকে সরানো হয়েছিল বলে ধারণা করা হয়। তবে এবার আবারও দলে ফিরেছেন সাবেক এই অধিনায়ক। ২০২৫ সালে ১৭ ওয়ানডেতে ৭৭.১৬ গড়ে ৫৪৪ রান করেছিলেন বাবর।

রিজওয়ানের অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে মুহাম্মদ গাজি ঘোরি ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পরিচিত মুখ রোহাইল নাজিরকে। অসুস্থতার কারণে উসমান খানকে বিবেচনায় রাখা হয়নি।

দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি। সহ-অধিনায়ক সালমান আলি আগা। এছাড়া দলে ফিরেছেন নাসিম শাহ, শাদাব খান ও স্পিনার সুফিয়ান মোকিম।

চোটের কারণে এখনও দলের বাইরে আছেন ওপেনার ফখর জামান ও তরুণ ব্যাটার সাইম আইয়ুব। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় তাদের নেওয়া হয়নি। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস।

শুক্রবার ইসলামাবাদে দলের ক্যাম্প শুরু হবে। শনিবার থেকে প্রধান কোচ মাইক হেসনের অধীনে অনুশীলন শুরু করবে পাকিস্তান। একই দিনে অস্ট্রেলিয়া দলও ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

পাকিস্তান দল:

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসেইন ও সুফিয়ান মোকিম।

সূচি:

৩০ মে – প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি

২ জুন – দ্বিতীয় ওয়ানডে, লাহোর

৪ জুন – তৃতীয় ওয়ানডে, লাহোর