বিসিবি নির্বাচনে লড়াইয়ে তামিম, ভোটে নামছেন নান্নুও
বিসিবি নির্বাচনে লড়াইয়ে তামিম, ভোটে নামছেন নান্নুও
বিসিবি নির্বাচনে লড়াইয়ে তামিম, ভোটে নামছেন নান্নুও
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে জমে উঠছে পরিচালনা পর্ষদের লড়াই। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়েছে, বর্তমান সভাপতি তামিম ইকবালকে পরিচালক পদ ধরে রাখতে এবার সরাসরি ভোটযুদ্ধে নামতে হচ্ছে। একই সঙ্গে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর সামনেও অপেক্ষা করছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে বৈধ মনোনয়ন জমা পড়েছে ১৮ জনের। ফলে এই বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে মনোনয়ন বৈধ হয়েছে তামিম ইকবালের। তাই নির্বাচনে জয় পেয়েই তাকে পরিচালক পদ নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম বিভাগেও প্রতিযোগিতা হচ্ছে জমজমাট। এই বিভাগ থেকে দুটি পরিচালক পদ থাকলেও বৈধ প্রার্থী হয়েছেন তিনজন। সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি রয়েছেন লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরী ও ফেনীর শরীফুল ইসলাম। ফলে ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে কারা জায়গা করে নিচ্ছেন পরিচালনা পর্ষদে।
অন্যদিকে কয়েকটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে কয়েকজনের। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হতে যাচ্ছেন সাইদ বিন জামান ও আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া সিলেট বিভাগে আব্দুল আইয়ুব চৌধুরী এবং রাজশাহী ও রংপুর অঞ্চল থেকে যথাক্রমে মীর শাকরুল সীমান্ত ও মির্জা ফয়সাল আমীনের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উত্তাপ দেখা যাচ্ছে। ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের ভোটে এখান থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। এই তালিকায় আছেন আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সালসহ আরও কয়েকজন পরিচিত সংগঠক।
এদিকে ক্যাটাগরি–৩–এ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাউন্সিলরদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা থাকলেও সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। প্রথম ধাপে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৩ পরিচালক। পরে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করবে আরও দুইজন পরিচালক। সব মিলিয়ে ২৫ সদস্যের বোর্ড গঠনের পর তাদের ভোটেই নির্ধারিত হবে বিসিবির পরবর্তী সভাপতি।
