বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান দলে নতুন বিতর্ক, শ্রীলঙ্কায় অসদাচরণের অভিযোগে জরিমানা
বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান দলে নতুন বিতর্ক, শ্রীলঙ্কায় অসদাচরণের অভিযোগে জরিমানা
বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান দলে নতুন বিতর্ক, শ্রীলঙ্কায় অসদাচরণের অভিযোগে জরিমানা
টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট। টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ দলে থাকা এক ক্রিকেটার শ্রীলঙ্কায় অবস্থানকালে এক নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণ করায় তাকে জরিমানা করা হয়েছে।
ঘটনাটি টুর্নামেন্টের সুপার এইট পর্বে পাকিস্তানের শেষ ম্যাচের আগে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তান দল যে গোল্ডেন ক্রাউন হোটেলে অবস্থান করছিল, সেখানেই এই ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ক্রিকেটার হোটেলের এক নারী হাউজকিপিং কর্মীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ওই কর্মী সাহায্যের জন্য ডাক দেন। পরে অন্যান্য হোটেলকর্মীরা হস্তক্ষেপ করেন এবং বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানানো হয়।
হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও শেষ পর্যন্ত বিষয়টি অভ্যন্তরীণভাবে নিষ্পত্তি করা হয়। দলের পক্ষ থেকে নাভিদ চিমা হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সংশ্লিষ্ট ক্রিকেটারের ওপর জরিমানা আরোপ করা হয়।
অভিযুক্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। তবে দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আরও তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনে তাকে তলব করা হতে পারে, যেখানে অতিরিক্ত শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। সুপার এইট পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ রানে হারালেও নেট রানরেটে পিছিয়ে থেকে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। গুরুত্বপূর্ণ মুহূর্তে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় দলটির পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এর মধ্যেই মাঠের বাইরের এই বিতর্ক পাকিস্তান দলকে নতুন করে চাপে ফেলেছে।
