দুই দিন পিছিয়ে শুরু আইপিএল, ভেন্যু নিয়েও অনিশ্চয়তা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দুই দিন পিছিয়ে শুরু আইপিএল, ভেন্যু নিয়েও অনিশ্চয়তা

দুই দিন পিছিয়ে শুরু আইপিএল, ভেন্যু নিয়েও অনিশ্চয়তা

দুই দিন পিছিয়ে শুরু আইপিএল, ভেন্যু নিয়েও অনিশ্চয়তা

আগের ঘোষণা অনুযায়ী ২৬ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল আইপিএল। তবে শেষ মুহূর্তে সূচিতে সামান্য পরিবর্তন এসেছে, আসরের পর্দা উঠবে ২৮ মার্চ। ফাইনাল নির্ধারিত হয়েছে ৩১ মে। দুই দিনের এই ব্যবধান হয়তো ক্যালেন্ডারে খুব বড় নয়, কিন্তু ফ্র্যাঞ্চাইজি, আয়োজক ও সমর্থকদের প্রস্তুতিতে তার প্রভাব পড়তেই পারে।

সূচি প্রকাশে বিলম্বের পেছনে রয়েছে রাজ্যভিত্তিক নির্বাচন। আসাম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। ফলে নিরাপত্তা ও লজিস্টিক পরিকল্পনা চূড়ান্ত করতে সময় নিচ্ছে আয়োজকরা। কলকাতা ও চেন্নাই দুই ঐতিহ্যবাহী ভেন্যু যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। পাশাপাশি গুয়াহাটি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। নির্বাচন সূচির সঙ্গে মিল রেখে ম্যাচ আয়োজনই এখন বড় চ্যালেঞ্জ।

২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে জাতীয় বা রাজ্য নির্বাচন থাকলে সূচি সাধারণত দুই ধাপে ঘোষণা করা হয়েছে। এবারও সেই পথেই হাঁটা হবে, নাকি নির্বাচন কমিশনের ঘোষণার পর পূর্ণাঙ্গ সূচি একসঙ্গে প্রকাশ করা হবে সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

উদ্বোধনী ম্যাচের ভেন্যু নিয়েও রয়েছে আলোচনা। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তবে গত জুনে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা এখনো সবার স্মৃতিতে তাজা। সেই ঘটনার পর কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আরসিবি আলোচনা করছে সাতটি হোম ম্যাচ একই ভেন্যুতে হবে, নাকি বিকল্প কোনো শহরে সরিয়ে নেওয়া হবে।

বিকল্প হিসেবে নাভি মুম্বাই, রায়পুর ও পুনের নাম বিবেচনায় আছে বলে জানা গেছে। সব মিলিয়ে আইপিএল ২০২৬ এর কাউন্টডাউন শুরু হলেও সূচি ও ভেন্যু ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। মাঠের উত্তাপের আগে তাই কাগজে-কলমেই চলছে হিসাব নিকাশ।