আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 49 সেকেন্ড আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের গতিদানব মার্ক উড। ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার।

২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ৩৮টি টেস্ট, ৭০টি ওডিআই এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উড। টেস্টে ১১৯টি, ওডিআইতে ৮০টি এবং টি-টোয়েন্টিতে ৫৪টি উইকেটের মালিক তিনি। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ডানহাতি পেসার। ২০১৯ ঘরের মাঠের বিশ্বকাপে নিয়মিত ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে তুলে নিয়েছিলেন ১৮টি উইকেট।

ক্যারিয়ারজুড়ে একের পর এক ইনজুরি তাকে ভোগালেও প্রতিবারই তিনি মাঠে ফিরেছেন প্রবল শক্তিতে। তবে গত বছর পার্থে অ্যাশেজ টেস্টের পর হাঁটু ও শারীরিক নানা চোটের কারণে তিনি আর মাঠেই নামতে পারছিলেন না। অবশেষে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে বাধ্য হলেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করে মার্ক উড বলেন, "আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। গত এক বছরের পরিস্থিতি বিবেচনা করলে হয়তো এই সিদ্ধান্ত খুব একটা চমকপ্রদ নয়। সবসময় চেষ্টা করেছি ইনজুরি থেকে ফিরে এসে নিজেকে প্রমাণ করতে, কিন্তু এবার আর পারলাম না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেট খেলা এখন আর সম্ভব নয়। তবে ইংল্যান্ডের জার্সি গায়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও স্বপ্নপূরণ।"

মার্ক উডের বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করে ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, "মার্ক উডের মতো একজন দারুণ ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ অধ্যায় স্বচক্ষে দেখাটা ভাগ্যের বিষয়। দুই বিশ্বকাপ জয় এবং অ্যাশেজের মতো বড় টুর্নামেন্টে দলকে জেতাতে তার অবদান অনন্য। যখনই সে বল হাতে দৌড় শুরু করত, গ্যালারির দর্শকরা শিহরিত হতো। নিজের চমৎকার এই ক্যারিয়ার নিয়ে সে গর্ব করতেই পারে।"