ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

আরাফাত মিনহাসের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে ত্রিদেশীয় ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। 

মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৬টি উইকেট শিকার করে ম্যাচের নায়ক বনে যান ২১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

৩০৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে টম ব্যান্টন ও বেন ডাকেট তুলেন ৯১ রান। ৪৫ বলে ৪৫ রান করা ডাকেটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হারিস রউফ। এরপর ফিফটি করা ব্যান্টনকে (৫৩ বলে ৫৭) শিকার করে ইংল্যান্ড শিবিরে ধস নামান আরাফাত মিনহাস।

মিনহাসের স্পিন ঘূর্ণিতেই মূলত খেই হারিয়ে ফেলে সফরকারীরা। তিনি ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুককে (৫) বোল্ড করার পর জর্ডান কক্স (১৮), জেমি ওভারটন (১) ও উইল জ্যাকসকে (১৯) সাজঘরে ফেরান। শেষ পর্যন্ত আদিল রশিদকে শূন্য রানে আউট করে নিজের ছয় উইকেট পূরণ করেন মিনহাস। ইংল্যান্ড ৩৮.৪ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায়। মিনহাস ৮.৪ ওভারে ৪০ রান দিয়ে ৬টি উইকেট নেন। এছাড়া হারিস রউফ ২টি ও নাসিম শাহ ১টি উইকেট ঝুলিতে পুরেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে। ম্যাচের প্রথম বলেই ওপেনার ফখর জামানকে গোল্ডেন ডাক উপহার দিয়ে ফেরান গাস অ্যাটকিনসন। সাইম আইয়ুবও (৮) দ্রাই আউট হয়ে যান। তবে বাবর আজম (৩৪) ও সাদ বেগ (৩৫) প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে দলের হাল ধরেন হাসান নওয়াজ ও আরাফাত মিনহাস। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে যোগ করেন গুরুত্বপূর্ণ ৭৮ রান। হাসান নওয়াজ ৭৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে মিনহাস ৫৮ বলে ৯টি চারের সাহায্যে ৫৯ রান করেন। শেষদিকে ফাহিম আশরাফের ২৬ বলে ৩৯ রানের ইনিংসের সৌজন্যে পাকিস্তান শেষ ১০ ওভারে ৯১ রান তুলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। 

ইংল্যান্ডের পক্ষে সনি বেকার ৬৫ রানে ৩টি এবং গাস অ্যাটকিনসন ৩৫ রানে ২ টি উইকেট পান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ রানের জয়ের পর এটি পাকিস্তানের টানা দ্বিতীয় জয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) একই মাঠে সিরিজের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।