দক্ষিণ আফ্রিকার ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা

দক্ষিণ আফ্রিকার ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা

দক্ষিণ আফ্রিকার ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক সূচি ঘোষণা

২০২৬/২৭ মৌসুমের ঘরোয়া আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ব্যস্ত এই গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকা সফরে আসছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ড। টেস্ট ও ওয়ানডে সিরিজকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পুরো সূচি।

মৌসুমের শুরুতেই সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। ২৪ সেপ্টেম্বর ডারবানের কিংসমিড স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘পিঙ্ক ডে’ ম্যাচ, আর সিরিজের শেষ ম্যাচ ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমের জে বি মার্কস ওভালে।

এরপর ৯ থেকে ৩১ অক্টোবর তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। ডারবানে প্রথম টেস্টের পর গকেবেরহার সেন্ট জর্জস পার্ক এবং কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে পরের দুটি টেস্ট।

নভেম্বরে বাংলাদেশকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। এরপর ডিসেম্বরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইস্ট লন্ডন, গকেবেরহা ও কেপ টাউন ভেন্যুতে। ১০ থেকে ১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে।

মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ধরা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে। ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট, এরপর সেঞ্চুরিয়নে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট এবং জানুয়ারির শুরুতে কেপ টাউনে নিউ ইয়ার্স টেস্ট অনুষ্ঠিত হবে। সফরের শেষ ভাগে জানুয়ারির মাঝামাঝি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

তবে সূচি জটিলতার কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি এই মৌসুম থেকে বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তা আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেতসি মোসেকি জানান, শক্তিশালী তিনটি দলের বিপক্ষে এই সিরিজগুলো দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত এক গ্রীষ্ম উপহার দেবে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য এই মৌসুমকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।