ভারত টেস্টে আফগান দলে তিন নতুন মুখ, বিশ্রামে রশিদ-ইব্রাহিম
ভারত টেস্টে আফগান দলে তিন নতুন মুখ, বিশ্রামে রশিদ-ইব্রাহিম
ভারত টেস্টে আফগান দলে তিন নতুন মুখ, বিশ্রামে রশিদ-ইব্রাহিম
আফগানিস্তানের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন নাঙ্গিয়াল খারোটাই, বিলাল সামি ও রহমানউল্লাহ জাদরান। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ঘোষিত দলে ফিরেছেন স্পিনার কাইস আহমেদও। তবে বিশ্রামে রাখা হয়েছে ব্যাটার ইব্রাহিম জাদরান ও তারকা লেগস্পিনার রশিদ খানকে। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল আফগানিস্তান।
জানা গেছে, পায়ের চোট থেকে সেরে উঠছেন ইব্রাহিম জাদরান। অন্যদিকে কয়েক মাস আগেই রশিদ খান জানিয়েছিলেন, চিকিৎসকরা তাকে লাল বলের ক্রিকেট কম খেলতে পরামর্শ দিয়েছেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচে এক ইনিংসে ৫৫ ওভারের বেশি বোলিং করায় চিকিৎসকরা বিস্ময় প্রকাশ করেছিলেন বলে জানান রশিদ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে না থাকায় টেস্ট ক্রিকেটে সীমিতভাবেই খেলছেন রশিদ। তবে ভারত সিরিজের পরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি ও ইব্রাহিম—দুজনই।
৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহিদি। একই সঙ্গে ১৩ থেকে ২০ জুন অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অধিনায়ক থাকছেন তিনি।
ভারতের বিপক্ষে এটি হবে আফগানিস্তানের মাত্র দ্বিতীয় টেস্ট। ২০১৮ সালে ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তাদের, যেখানে ইনিংস ও ২৬২ রানের বড় ব্যবধানে হেরেছিল আফগানরা। এরপর খেলা ১০ টেস্টে চারটি জয় পেয়েছে দলটি।
আফগানিস্তান টেস্ট দল:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, রহমানউল্লাহ জাদরান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, নাঙ্গিয়াল খারোটাই, কাইস আহমেদ, বিলাল সামি, জিয়া শরিফি ও সালিম সাফি।
আফগানিস্তান ওয়ানডে দল:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটাই, এএম গাজানফার, জিয়া উর রহমান শরিফি, ফারিদ মালিক ও বিলাল সামি।
