ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাকিব
ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাকিব
ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাকিব
সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজের বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, আপাতত রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় পুরো মনোযোগ দিচ্ছেন ক্রিকেটে। তবে দলীয় কার্যক্রম আবার শুরু হলে রাজনীতিতে ফেরার সুযোগও থাকবে বলে উল্লেখ করেন তিনি।
সাকিবের এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন, যা নতুন করে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। পুরো বিষয়টি ব্যাখ্যা করে এবার সাকিব নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
"আসসালামু আলাইকুম সবাইকে,
সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।
একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।
আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।"
