ডব্লিউসিএলে যুক্ত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স, আশরাফুল-রিয়াদরা মাতাবেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডব্লিউসিএলে যুক্ত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স, আশরাফুল-রিয়াদরা মাতাবেন

ডব্লিউসিএলে যুক্ত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স, আশরাফুল-রিয়াদরা মাতাবেন

ডব্লিউসিএলে যুক্ত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স, আশরাফুল-রিয়াদরা মাতাবেন

ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। নতুন দল ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ যুক্ত হওয়ায় টুর্নামেন্টের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।

বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে এবার প্রতিযোগিতায় অংশ নেবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশও।

এরই মধ্যে এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন ক্রিকেট বিশ্বের বহু কিংবদন্তি তারকা- যেমন যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, মোহাম্মদ হাফিজ ও ক্রিস গেইলসহ আরও অনেকে। আয়োজকদের মতে, ২০২৬ আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি প্রতিযোগিতার মান আরও বাড়াবে এবং আন্তর্জাতিক অঙ্গনে হাই-প্রোফাইল ম্যাচের সংখ্যা বৃদ্ধি করবে।

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে প্রচারিত ডব্লিউসিএল ইতোমধ্যেই অবসরপ্রাপ্ত তারকাদের একত্রিত করে নিজস্ব অবস্থান তৈরি করেছে। প্রথম দুই আসরেই দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে- প্রথম আসর দেখেছেন ৩২৫ মিলিয়নের বেশি দর্শক এবং দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২৩.১ মিলিয়নে, যা এর বৈশ্বিক জনপ্রিয়তা বৃদ্ধির প্রমাণ।

ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হারশিত তোমার জানান, গত দুই বছর ধরে ভক্তদের দাবির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের পক্ষে জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান বলেন, এই সিদ্ধান্ত দেশের ভেতরে ও বাইরে সমর্থকদের জন্য একটি মাইলফলক এবং এটি ক্রিকেট কমিউনিটির মধ্যে সংযোগ আরও শক্তিশালী করবে।

দলের অন্যতম মালিক ইশতিয়াক সাদেক বলেন, “ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অংশ হওয়া আমাদের জন্য বড় গর্বের বিষয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দেশের সব কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠনের আশা করছি।”

ইতোমধ্যে সাবেক জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ বাংলাদেশ চ্যাম্পিয়ন্সে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এছাড়া দলকে আরও শক্তিশালী করতে আরও কয়েকজন বড় তারকাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে এবার সাতটি ক্রিকেট খেলুড়ে দেশের দল নিয়ে ডব্লিউসিএলের আসন্ন মৌসুম হতে যাচ্ছে সবচেয়ে বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।