অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ

২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কঠিন এই সফরের প্রথম ধাপ হিসেবে ডারউইনে শুরু হয়েছে দলের প্রস্তুতি। অনুশীলনের প্রথম দিন শেষে দলের ভেতরের আবহ, যাত্রাপথের অভিজ্ঞতা এবং মাঠের পরিবেশ সবকিছু নিয়েই সন্তুষ্টির কথা জানিয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তার বিশ্বাস, সিরিজের আগে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব সুযোগই পাচ্ছে দল।

সোমবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। শুরুতে কোচিং স্টাফের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা ও দিনের পরিকল্পনা নিয়ে ব্রিফিং হয়। এরপর ওয়ার্ম-আপ পর্ব শেষ করে ক্রিকেটাররা ভাগ হয়ে নিজেদের নির্ধারিত অনুশীলনে মনোযোগ দেন। ব্যাটাররা দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেন, আর বোলার ও অন্য সদস্যরা ফিল্ডিং, দৌড় এবং ফিটনেস অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলেন।

প্রথম দিনের অনুশীলন শেষে বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সফরের শুরুটা নিয়ে আশাবাদী কণ্ঠে কথা বলেন তাইজুল ইসলাম। বিশেষ করে দীর্ঘ যাত্রার পরও ক্লান্তি কাটিয়ে দ্রুত প্রস্তুতিতে ফিরতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তাইজুল বলেন, ‘যাত্রাটা ভালো হয়েছে, কারণ আমাদের ট্রানজিট ছিল এবং সেখানে ভালোভাবে বিশ্রাম নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই হয়েছে।’

শুধু সফরের শুরু নয়, অনুশীলনের সার্বিক পরিবেশও সন্তুষ্ট করেছে এই বাঁহাতি স্পিনারকে। প্রথম দিনেই দলের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে প্রস্তুতি খুব ভালো হয়েছে। প্রথম দিনের অনুশীলন দারুণ ছিল। এখানকার সুযোগ-সুবিধাও অসাধারণ।’

ডারউইনের অনুশীলন ভেন্যুর বিভিন্ন দিক নিয়েও ইতিবাচক মূল্যায়ন করেছেন তাইজুল। তার মতে, উইকেট থেকে শুরু করে ফিল্ডিং অনুশীলনের জায়গা—সবকিছুই আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য উপযোগী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উইকেট থেকে শুরু করে ফিল্ডিং এরিয়া, সবকিছুই খুব ভালো। ফিল্ডিং অনুশীলন, দৌড় কিংবা অন্যান্য ট্রেনিং, সব ধরনের কার্যক্রমই আমরা ঠিকভাবে করতে পারছি। সব মিলিয়ে সবকিছুই দারুণ হয়েছে।’