কানাডার ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন মন্টি দেশাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 47 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কানাডার ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন মন্টি দেশাই

কানাডার ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন মন্টি দেশাই

কানাডার ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন মন্টি দেশাই

কানাডা ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মন্টি দেশাই। দায়িত্ব ছাড়ার পর পরই ফাঁকা পদের জন্য নতুন করে কোচ চেয়ে দরখাস্ত আহ্বান করেছে ক্রিকেট কানাডা। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

গত মে মাসে দ্বিতীয় মেয়াদে কানাডা দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দেশাই। তার তিন মাসের সংক্ষিপ্ত মেয়াদে কানাডা দল ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর দুটি ট্রাই-সিরিজ (একটি ঘরের মাঠে এবং অন্যটি স্কটল্যান্ডে) খেলেছে। আগামী ৯ অক্টোবর থেকে ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া নেপাল ও স্বাগতিকদের বিপক্ষে পরবর্তী লিগ-২ সিরিজের আগেই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।

বিদায় বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মন্টি দেশাই লেখেন, "সংক্ষিপ্ত একটি অধ্যায়, তবে এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত তিন মাস ধরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি ক্রিকেট কানাডার প্রতি কৃতজ্ঞ। প্রতিটি পরিবেশই মানুষকে নতুন কিছু শেখায়।" 

তিনি আরও বলেন, "খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং এই যাত্রায় পাশে থাকা সকলকে ধন্যবাদ। অর্জিত শিক্ষা ও চমৎকার সম্পর্কের স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি।"

কানাডা ক্রিকেটের জন্য এটি বেশ কঠিন একটি সময়। মে মাসে দেশটির সাবেক বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে আইসিসি তাদের অ্যাসোসিয়েট সদস্যপদ ও অনুদান স্থগিত করে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের পর দেশাই দায়িত্ব নিয়েছিলেন।

উল্লেখ্য, লিগ-২ পয়েন্ট তালিকার শীর্ষ চার দল আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। কানাডা বর্তমানে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এবং টুর্নামেন্টে তাদের আর মাত্র ৪টি ম্যাচ বাকি রয়েছে।