বাংলাদেশের জয় গ্রিনকে অবাক করেনি
বাংলাদেশের জয় গ্রিনকে অবাক করেনি
বাংলাদেশের জয় গ্রিনকে অবাক করেনি
ডারউইনে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত শতকও ঢাকা পড়ে গেছে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের বড় হারের পর। সেঞ্চুরির ব্যক্তিগত আনন্দ একপাশে সরিয়ে রেখে অজি এই অলরাউন্ডারের মনজুড়ে এখন শুধুই হারের হতাশা।
সাংবাদিকদের ক্যামেরন গ্রিন বলেন, "এটা সব সময়ই কঠিন। আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমরা যদি আরও ৫০ থেকে ৭৫ রান করতে পারতাম, তাহলে সত্যিই ম্যাচে ভালোভাবে থাকতে পারতাম। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।"
প্রথম টেস্টে প্রতিপক্ষ বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স বেশ ভালোভাবেই নজরে এসেছে অস্ট্রেলিয়ার। টাইগারদের এমন অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দল একদমই অবাক হয়নি বলে জানান গ্রিন।
"এটা আমাদের অবাক করেনি। আমরা জানতাম, তারা ভালো দল। তারা শুধু দারুণ একটা ম্যাচ খেলেছে এবং প্রথম দিনের পর আর আমাদের সত্যিকার অর্থে ম্যাচে ফিরতে দেয়নি। বাংলাদেশ শুধু আমাদের গলার ওপর পা রেখেই গেছে। ম্যাচে ফেরার কোনো সুযোগই তারা আমাদের দেয়নি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো ঠিকমতো কাজে আসেনি।"
১০৪ রান করে ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার আনন্দের মাঝেও দলের কোণঠাসা পরিস্থিতির বাস্তবতা ভুলে যাননি গ্রিন। মনের ভেতর চলা দ্বিধাদ্বন্দ্ব এবং শতক উদযাপনের মানসিক অবস্থা সম্পর্কে গ্রিন বলেন,
"সব অনুভূতিই একসঙ্গে ছিল। আমি শুধু নিজেকে মনে করিয়ে দিচ্ছিলাম যে ম্যাচ তখনো বাকি এবং আমরা তখনো খুব ভালো অবস্থায় ছিলাম না। মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করেছি, কিন্তু একই সঙ্গে আমরা যে অবস্থায় ছিলাম, সেটাও উপলব্ধি করেছি।"
সিরিজে সমতা ফেরাতে ম্যাকয়ের মিষ্টি বাতাস আর অনুকূল আবহাওয়াকে পুঁজি করে মাঠে নামতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। কিন্তু ডারউইন জয়ের আত্মবিশ্বাসে বলীয়ান বাংলাদেশকে রোখা গ্রিনদের জন্য কতটুকু সহজ হবে, সেটাই এখন দেখার বিষয়।
