আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং
ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করা সিমি ১৯ বছর বয়সে ২০০৬ সালে আয়ারল্যান্ডে পাড়ি জমান। দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালে ৩০ বছর বয়সে আইরিশ জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে।
আয়ারল্যান্ডের হয়ে তিনি ৩৫টি ওয়ানডে এবং ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার ঝুলিতে জমা হয়েছে ২০০০-এর বেশি রান এবং ৮৩টি উইকেটের আন্তর্জাতিক সাফল্য। বিশেষ করে ওয়ানডেতে মাত্র ৩.৯৯ ইকোনমি রেটে বোলিং করে তিনি নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন।
অবসরের ঘোষণায় সিমি সিং বলেন, "১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে আয়ারল্যান্ডে এসেছিলাম। পেছনে ফিরে তাকালে এই পথচলাকে স্বপ্নের মতো মনে হয়। আয়ারল্যান্ড এবং যারা আমাকে সমর্থন ও বিশ্বাস করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। পরিবারের ভালোবাসা ছাড়া এটি সম্ভব হতো না। এছাড়া অ্যালান লুইস এবং কোচ গ্রাহাম ফোর্ডের দিকনির্দেশনা ও অবদান আমার ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রেখেছে।"
২০২১ সাল ছিল সিমি সিংয়ের ক্যারিয়ারের সেরা বছর। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৫৪* রান এবং ১০ রানে ৫ উইকেট নিয়ে বছর শুরু করার পর, আয়ারল্যান্ডের ম্যালহাইডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ১০০ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৮ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে এটিই প্রথম সেঞ্চুরির রেকর্ড। এই দুর্দান্ত নৈপুণ্যের সৌজন্যে তিনি ওই বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন।
২০২৪ সালে এক জটিল শারীরিক সমস্যার কারণে তার লিভার অকার্যকর হয়ে পড়ে এবং পরবর্তীতে সফল লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে ওঠার পর তিনি পাঞ্জাবে নিজের কোচিং একাডেমি চালু করেন।
আয়ারল্যান্ডের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও জানান, "আয়ারল্যান্ড সবসময় আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে থাকবে। আমি আজীবন আইরিশ ক্রিকেটের একজন গর্বিত সমর্থক হিসেবে পাশে থাকব।"
