বাবর-সাইম বাদ, তোপের মুখে পিসিবি নির্বাচকরা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাবর-সাইম বাদ, তোপের মুখে পিসিবি নির্বাচকরা

বাবর-সাইম বাদ, তোপের মুখে পিসিবি নির্বাচকরা

বাবর-সাইম বাদ, তোপের মুখে পিসিবি নির্বাচকরা

বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে দল ঘোষণার পরই দেশটির ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা। বিশেষ করে সাবেক অধিনায়ক বাবর আজম ও তরুণ ওপেনার সাইম আইয়ুবকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটার।

পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “আপনারা কি সাইম ও বাবরকে টি–টোয়েন্টিতে পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডে দল থেকে বাদ দিয়েছেন, নাকি এই সংস্করণ থেকেই তাদের বাদ দেওয়া হয়েছে? প্রথমে এই প্রশ্নের উত্তর জানা দরকার। যদি ফর্মের অভাবে তারা বাদ পড়ে, তাহলে দলে ফিরতে কোন ওয়ানডে খেলবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন।”

বাংলাদেশ সিরিজের দল থেকে বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের আরেক সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তাঁর মতে, “বাবরকে বাদ দেওয়ার আগে কি তার সঙ্গে আলোচনা করা হয়েছিল? যদি তা হয়ে থাকে, তাহলে কারণটা জানানো উচিত। যদি সে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করে থাকে, সেটাও স্পষ্ট করা দরকার। কিন্তু যদি তা না হয়, তাহলে তার সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি।”

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি এটা কেবল বিশ্রামের বিষয় না হয়, তাহলে সিদ্ধান্তটা সত্যিই চমকে দেওয়ার মতো। এসব আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?”

এদিকে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা ৮ মার্চ।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সফরটি নিয়ে শঙ্কার খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম। নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি না থাকলেই দলটি বাংলাদেশ সফরে আসবে বলে জানা গেছে।

বাংলাদেশের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণও বটে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে।

বর্তমানে ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।