ফাইনালে স্যান্টনারের চুপ বনাম সূর্যকুমারের চমকের লড়াই
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফাইনালে স্যান্টনারের চুপ বনাম সূর্যকুমারের চমকের লড়াই
ফাইনালে স্যান্টনারের চুপ বনাম সূর্যকুমারের চমকের লড়াই
রোববার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াই, যেখানে মুখোমুখি দাঁড়াবে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে এক লাখের বেশি দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকার সম্ভাবনা, যার মধ্যে বড় অংশ ভারতীয় সমর্থক। কিন্তু কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার আগেই স্পষ্ট করেছেন, তাদের লক্ষ্য দর্শকদের চুপ করানো এবং মাঠে দলের শক্তিশালী একতা দেখানো।
সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে ওঠার পর স্যান্টনার বলেছেন, “আমরা ফেভারিট নই, কিন্তু ধারাবাহিক। পরিস্থিতি বা প্রতিপক্ষকে নিয়ে ভয় পাই না। আমরা ছোট ছোট কাজগুলো ভালোভাবে করতে পারি এবং শক্তিশালী দলগত পারফরম্যান্স দেখাতে পারি। এটাই ট্রফি জয়ের জন্য আমাদের ভালো অবস্থানে রাখবে।”
নিউজিল্যান্ডের কৌশল মানসিকভাবে ভারতকে চাপে ফেলার দিকে। স্যান্টনারের কথায়, “দর্শকদের চুপ করিয়ে দিতে হবে। ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ থাকে, আমরা সেটার মোকাবিলা করি।”
ভারত অধিনায়ক সুরিয়াকুমার যাদব স্যান্টনারের এই মন্তব্যকে ‘ক্লিশে’ আখ্যা দিয়ে পাল্টা বলেছেন, “সবাই এখন একই কথা বলছে। নতুন কিছু তো নিয়ে এসো।” তিনি দলের মেজাজকে ফুরফুরে এবং ফাইনালের জন্য উচ্ছ্বসিত হিসেবে বর্ণনা করেছেন। “দেশের মাটিতে এত চমৎকার একটি দলের নেতৃত্ব দেওয়া, এটা স্পেশাল অনুভূতি। চাপ থাকবে, তবে তা আমাদের খেলায় প্রভাব ফেলবে না।”
ভারত-নিউজিল্যান্ডের দ্বৈরথ নতুন নয়। টানা দ্বিতীয় বছর আইসিসি ফাইনালে মুখোমুখি হচ্ছে দু’দল। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিউইদের হারিয়ে শিরোপা জিতেছিল। বর্তমান বিশ্বকাপে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডকে ভারত হারিয়েছিল ৪-১ ব্যবধানে।
যাদব মনে করেন, ফাইনাল হবে জমজমাট লড়াই। তিনি বলেছেন, “টেলিভিশনে নিউজিল্যান্ডের ম্যাচ দেখিনি; সম্প্রতি তাদের বিপক্ষে খেলেছি। তারা আমাদের দ্বিপাক্ষিক সিরিজের মতো দল নিয়ে এসেছে। তারা কিছু ভালো ক্রিকেট খেলছে, আমরাও ভালো ক্রিকেট খেলছি। দারুণ একটি ম্যাচ হবে।”
ফাইনাল কেবল মাঠের লড়াই নয়। এটি দুই অধিনায়কের মানসিক যুদ্ধ, দর্শক চাপ, এবং দলের একতার পরীক্ষা। স্যান্টনার চাইবেন দর্শক চুপ থাকুক, সুরিয়াকুমার চাইবেন নতুন কিছু দেখুক।
রোববার সেই লড়াই মাঠে ফুটে উঠবে, জানার অপেক্ষা শুধুই, কে দখল করবে শিরোপা।
