লজিস্টিক জটিলতায় স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লজিস্টিক জটিলতায় স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

লজিস্টিক জটিলতায় স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

লজিস্টিক জটিলতায় স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

লজিস্টিক জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজটি এখন ২০২৬ সালের শেষ প্রান্তিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

আগামী ১৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এই সিরিজ। এটি ছিল প্রথমবারের মতো আফগানিস্তানের আয়োজনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। মোট ছয়টি সাদা বলের ম্যাচ নিয়ে সিরিজটি হওয়ার কথা ছিল।

সূচি অনুযায়ী, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল।

এসিবি জানায়, এমিরেটস ক্রিকেট বোর্ডের অনুমোদন পাওয়ার পর দুই ভেন্যুতেই ম্যাচ আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। তবে মার্চের শুরুতে আঞ্চলিক পরিস্থিতির কারণে ফ্লাইট সংকটসহ কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়, যা সফরের ভ্রমণ ও আয়োজন সংক্রান্ত পরিকল্পনায় প্রভাব ফেলে।

এ পরিস্থিতি মোকাবিলায় এসিবি এমিরেটস ক্রিকেট বোর্ড, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে একাধিক বৈঠক করে। ৪ মার্চ অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৬ মার্চ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৭ মার্চের আরেকটি বৈঠকে ৯ মার্চ পর্যন্ত অপেক্ষা করার সুপারিশ করা হয়।

সব পক্ষের চেষ্টা সত্ত্বেও লজিস্টিক সমস্যাগুলো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন সূচি নির্ধারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পুরো প্রক্রিয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অবহিত রাখা হয়েছিল এবং তাদের সম্মতিতেই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনঃনির্ধারিত সিরিজটি সংযুক্ত আরব আমিরাতেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এসিবি।