সেমির আগে ম্যাকগ্রার বাজি ভারত ও দক্ষিণ আফ্রিকায়

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 46 মিনিট আগে
সেমির আগে ম্যাকগ্রার বাজি ভারত ও দক্ষিণ আফ্রিকায়

সেমির আগে ম্যাকগ্রার বাজি ভারত ও দক্ষিণ আফ্রিকায়

সেমির আগে ম্যাকগ্রার বাজি ভারত ও দক্ষিণ আফ্রিকায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে উঠেছে চার শক্তিশালী দল। পারফরম্যান্সের দিক থেকে ওঠানামা থাকলেও ভারত ও ইংল্যান্ড নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে ধারাবাহিক জয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকাও সেমি-ফাইনালের মঞ্চে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা আগাম হিসাব কষে রেখেছেন ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই দেখছেন ফাইনালের সম্ভাব্য দুই দল হিসেবে।

কলকাতায় প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর আহমেদাবাদে দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও ইংল্যান্ড। দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে শিরোপা লড়াইয়ের চিত্র।

ইংল্যান্ডকে কাগজে-কলমে শক্তিশালী দল মানলেও তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখছেন ম্যাকগ্রা। কয়েকটি ম্যাচে ভাগ্যের সহায়তা পেয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিপরীতে, ভারতের খেলায় তুলনামূলক স্থিরতা লক্ষ্য করেছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তাঁর বিশ্বাস, দুই দল নিজেদের স্বাভাবিক খেলাটা খেললে ভারতই এগিয়ে থাকবে।

দক্ষিণ আফ্রিকাকেও বেশ ভারসাম্যপূর্ণ দল হিসেবে মূল্যায়ন করেছেন ম্যাকগ্রা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের পরিকল্পিত অগ্রগতি ও কার্যকর স্কোয়াড তাঁকে মুগ্ধ করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দেখায় দক্ষিণ আফ্রিকার দাপটও তাঁর বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে।

ভারতের বোলিং লাইনআপ নিয়েও কথা বলেছেন তিনি। বিশেষ করে জাসপিত বুমরাহ ও আর্শদিপ সিং এর পারফরম্যান্স তাঁর নজরে রয়েছে। বড় ম্যাচে প্রভাব বিস্তারের সামর্থ্য বুমরাহর বড় সম্পদ বলে মনে করেন ম্যাকগ্রা।

ম্যাকগ্রা বলেন, “ইংল্যান্ড বিপজ্জনক দল। নিজেদের দিনে সত্যিই জ্বলে উঠতে পারলে যেকোনো কিছু করতে পারে তারা। তবে এবার তারা কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে। নেপালের উচিত ছিল তাদেরকে হারানো। ইতালির বিপক্ষে ম্যাচটিও হাড্ডাহাড্ডি হয়েছে। তবে তারা জয়ের পথ খুঁজে নিয়েছে। সম্ভবত এটাই তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে, সেমি-ফাইনালের জন্য তারা সেরা অবস্থানে পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “টুর্নামেন্ট জুড়ে ভারত যেভাবে খেলেছে এবং ইংল্যান্ড যেভাবে খেলেছে, মুখোমুখি দেখায় একই ধারায় খেললে ভারতের ফাইনালে যাওয়া উচিত। ফাইনালের জন্য আমি দক্ষিণ আফ্রিকা ও ভারতকে বেছে নেব।”

ভারতের বোলিং আক্রমণ নিয়ে তাঁর মূল্যায়ন, “প্রথমত, টস জেতা এবং এরপর কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা গুরুত্বপূর্ণ। ভারতের বোলিং আক্রমণ ভালো। আর্শদিপ সিং ভালো করছে এবং বুমরাহ তো মানসম্মত।”

সবশেষে বুমরাহকে নিয়ে উচ্ছ্বাস ঝরিয়ে ম্যাকগ্রা বলেন, “আর্শদিপ সম্ভবত ভারতীয় বোলারদের মধ্যে ছন্দে আছে, তবে বুমরাহ বড় ম্যাচের ক্রিকেটার। অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের ক্রিকেটাররা নিজেদের সেরাটা বের করে আনে। বলছি না যে সাধারণ ম্যাচে মনোযোগ থাকে না, তবে বড় ম্যাচ, বড় মুহূর্তগুলো তারা পছন্দ করে। গুরুত্বপূর্ণ ম্যাচে সব সময়ই বুমরাহর ওপর আমার পূর্ণ আস্থা থাকে। আমি তার বড় ভক্ত।”