জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস
জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস
জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস
জমজমাট লড়াইয়ে সম্পন্ন হয়েছে তরুণ ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 'জুনিয়র্স প্রিমিয়ার লিগ (জেপিএল)'-এর প্রথম সিজন। শুক্রবার দিনব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনালে ‘রিলস রয়্যালস’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘কার্ড ক্যাপিটালস’।
রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে তিন দলের অংশ গ্রহণে লিগপর্বের দুটি ম্যাচে ‘প্যাকেজ ফনিক্স’ ও কার্ড ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠে রিলস রয়্যালস। লিগপর্বে রিলসের কাছে হারলেও প্যাকেজ ফনিক্সকে হারিয়ে শিরোপা মঞ্চের টিকিট কাটে ক্যাপিটালস। শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় কার্ড ক্যাপিটালস।
ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯৭ রান সংগ্রহ করে অলআউট হয় রিলস রয়্যালস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন ইখতিয়ার আহমেদ। ৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে কার্ড ক্যাপিটালস। তবে মাহরুশ প্রত্যয়ের দুর্দান্ত ফিফটিতে জয়ের পথে ফেরে দলটি। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ক্যাপিটালস।
ফাইনালে ফিফটির পাশাপাশি এবং বল হাতে ২ উইকেট নেন মাহরুশ। পাশাপাশি ক্যাপিটালস মাজেদুল ইসলাম মাসুদ ৪টি উইকেট নেন। দুজনেই যৌথভাবে ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন।
টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছেন রিলস রয়্যালসের উৎস মাহমুদ। ব্যাট হাতে ৩ ম্যাচে ১৯৭ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন তিনি। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার জিতেছেন কার্ড ক্যাপিটালসের মাজেদুল।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মুখছেদুল কামাল বাবু। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণ সাংবাদিকদের এমন ক্রীড়ামুখী উদ্যোগের প্রশংসা করেন।
একদিন মেয়াদী এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয় এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলার সুযোগ পায়। তরুণ সাংবাদিকদের মধ্যে কাজের বাইরে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
