ধোনিকে ছাড়াই আইপিএল শুরু করছে চেন্নাই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ধোনিকে ছাড়াই আইপিএল শুরু করছে চেন্নাই

ধোনিকে ছাড়াই আইপিএল শুরু করছে চেন্নাই

ধোনিকে ছাড়াই আইপিএল শুরু করছে চেন্নাই

আইপিএল শুরুর দিনেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দলের অভিজ্ঞ তারকা মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহে মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার এক বার্তায় সিএসকে জানায়, পায়ের পেশিতে চোট পাওয়া ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ফলে শুরুতেই তাকে পাচ্ছে না দলটি। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে সিএসকে। এরপর প্রথম দুই সপ্তাহে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।

ধোনির অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন দলে যোগ দেওয়া সঞ্জু স্যামসনই এই দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া উরভিল প্যাটেল ও নবাগত কার্তিক শর্মাও বিকল্প হিসেবে রয়েছেন।

রাজস্থান রয়্যালস থেকে ট্রেডের মাধ্যমে স্যামসনকে দলে নিয়েছে সিএসকে। এই চুক্তিতে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারান অন্য দলে পাড়ি জমিয়েছেন। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং ঝড় তুলে আলোচনায় আসা কার্তিক শর্মার জন্য ১৪ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে ধোনি দলের হয়ে সবকটি ম্যাচ খেললেও ব্যাট হাতে খুব বেশি সময় পাননি। নিচের দিকে নেমে ব্যাটিং করে ১৩ ইনিংসে ১৯৬ রান করেন তিনি, যেখানে তার সর্বোচ্চ অপরাজিত ৩০। তবে দল হিসেবে সিএসকের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র চারটি জয় নিয়ে টেবিলের তলানিতে শেষ করে তারা।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই আরেকটি ধাক্কা পেয়েছে সিএসকে। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস হ্যামস্ট্রিং চোটে পুরো আসর থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে স্পেনসার জনসনকে। ফাস্ট বোলিং আক্রমণে ম্যাট হেনরির নেতৃত্বে আরও আছেন খালিল আহমেদ, গুরজাপনীত সিং, জ্যাক ফল্কস, অংশুল কাম্বোজ, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন ও মুকেশ চৌধুরী। এছাড়া অলরাউন্ডার হিসেবে রয়েছেন শিভম দুবে।

গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এবারের আইপিএল শুরু করছে সিএসকে। তবে শুরুতেই ধোনির অনুপস্থিতি তাদের সেই পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।