সিডনি সিক্সার্স ছেড়ে কুইন্সল্যান্ডের প্রধান কোচ জেমস হোপস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
সিডনি সিক্সার্স ছেড়ে কুইন্সল্যান্ডের প্রধান কোচ জেমস হোপস

সিডনি সিক্সার্স ছেড়ে কুইন্সল্যান্ডের প্রধান কোচ জেমস হোপস

সিডনি সিক্সার্স ছেড়ে কুইন্সল্যান্ডের প্রধান কোচ জেমস হোপস

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেমস হোপস কুইন্সল্যান্ড ক্রিকেট দল ও বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল ব্রিসবেন হিটের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন শেষ মুহূর্তে এই পদের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর হোপসকে দায়িত্ব দেয় কুইন্সল্যান্ড ক্রিকেট। মাত্র দুই মাস আগে সিডনি সিক্সার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

৪৭ বছর বয়সী হোপস অস্ট্রেলিয়ার হয়ে ৮৪টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন পাঁচ হাজারের বেশি রান, নিয়েছেন প্রায় ৩০০ উইকেট। কুইন্সল্যান্ডের দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন জোহান বোথার, যিনি চলতি মাসের শুরুতে পদত্যাগ করেন।

নতুন দায়িত্ব নিয়ে হোপস বলেন, সিডনি সিক্সার্সের প্রস্তাব গ্রহণের পর এত দ্রুত সিদ্ধান্ত বদলানো সহজ ছিল না। তবে ব্রিসবেনে ফিরে কুইন্সল্যান্ডের প্রধান কোচ হওয়ার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি।

তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সিক্সার্সের দায়িত্ব পাওয়ার জন্য আমি এখনও কৃতজ্ঞ। কিন্তু কুইন্সল্যান্ডের প্রধান কোচ হওয়ার সুযোগ এবং আবার ব্রিসবেনে ফিরে আসার সুযোগ আমার ও পরিবারের জন্য বিশেষ ছিল।”

১৪ বছর বয়স থেকে কুইন্সল্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার কথাও স্মরণ করেন হোপস। তিনি বলেন, “বুলস ও হিটের হয়ে খেলার সৌভাগ্য হয়েছিল। আবার সেই পরিবারের অংশ হতে পারাটা আমাদের জন্য দারুণ অনুভূতির।”

হোপসের বিদায়ে হতাশা প্রকাশ করলেও সিডনি সিক্সার্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে এবং নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেবে।

খেলোয়াড়ি জীবনে কুইন্সল্যান্ডের ৪৯তম অধিনায়ক ছিলেন হোপস। তার নেতৃত্বে ২০১২ সালে শেফিল্ড শিল্ড এবং ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে টানা দুটি ওয়ানডে শিরোপা জেতে দলটি।