পিএসএল ছাড়লে আইনি ব্যবস্থা, কঠোর বার্তা নকভির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএল ছাড়লে আইনি ব্যবস্থা, কঠোর বার্তা নকভির

পিএসএল ছাড়লে আইনি ব্যবস্থা, কঠোর বার্তা নকভির

পিএসএল ছাড়লে আইনি ব্যবস্থা, কঠোর বার্তা নকভির

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে শেষ মুহূর্তে সরে গিয়ে আইপিএলে যোগ দেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। টানা দ্বিতীয় বছরের মতো দুই লিগের সূচি সাংঘর্ষিক হওয়ায় বিষয়টি নিয়ে কড়া অবস্থানে যাচ্ছে বোর্ড।

সর্বশেষ শ্রীলঙ্কার দাসুন শানাকা এই পথে হেঁটেছেন। লাহোর কালান্দার্সের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন, যেখানে তিনি চোট পাওয়া স্যাম কারানের পরিবর্তে খেলবেন।

শানাকার পরিবর্তে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি করে পিএসএল থেকে সরে দাঁড়ান।

রোববার নকভি বলেন, নিয়ম অনুযায়ী এসব খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত বছরও এমন ঘটনা ঘটেছিল এবং সেই ধারাবাহিকতায় এবারও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

গত আসরে পেশোয়ার জালমির হয়ে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে দলে ছিলেন করবিন বশ। তবে শেষ মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় তাকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়।

নকভি মনে করেন, আইপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়া বড় সমস্যা নয়। তার মতে, কিছু খেলোয়াড় চলে গেলেও পিএসএলেও মানসম্মত ক্রিকেটার আসছেন, যা লিগের প্রতিযোগিতা ধরে রাখছে।

তিনি আরও জানান, সারা বছরে অন্য কোনো সময় না থাকায় পিএসএল পিছিয়ে দেওয়ার সুযোগ ছিল না। তাই নির্ধারিত সময়েই আয়োজন করতে হচ্ছে।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও কয়েকজন ক্রিকেটারও পিএসএল থেকে সরে গেছেন। তাদের মধ্যে রয়েছেন গুডাকেশ মোতি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অটনেইল বার্টম্যান ও স্পেনসার জনসন।

আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল, যা আইপিএল শুরুর দুই দিন আগে মাঠে গড়াবে। তবে পশ্চিম এশিয়ার সংকটজনিত তেল সমস্যার কারণে পুরো আসরই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পাশাপাশি ভেন্যু কমিয়ে লাহোর ও করাচিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে এবারের আয়োজন।