দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন মাহেলা জয়াবর্ধনে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 10 মিনিট আগে
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন মাহেলা জয়াবর্ধনে

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন মাহেলা জয়াবর্ধনে

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন মাহেলা জয়াবর্ধনে

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে নিজেদের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে জিএমআর স্পোর্টস। দিল্লি ক্যাপিটালসের (ডিসি) সহ-মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির অধীনে থাকা সবগুলো দলের ক্রিকেটীয় কার্যক্রম এখন থেকে তদারকি করবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএমআর স্পোর্টস এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দায়িত্বে জয়াবর্ধনে মূলত দলগুলোর কৌশল নির্ধারণ, পারফরম্যান্স বিশ্লেষণ এবং নতুন প্রতিভা অন্বেষণের কাজ করবেন।

জিএমআর স্পোর্টসের মালিকানাধীন দলগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগের দল ‘দুবাই ক্যাপিটালস’ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের দল ‘সাউদার্ন ব্রেভ’। এছাড়া ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ার ক্রিকেটের সঙ্গেও সমন্বয় করে কাজ করবেন জয়াবর্ধনে।

আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের মালিকানায় রয়েছে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ গ্রুপ। দুই প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী, আগামী ২০২৭ ও ২০২৮ সালে ছেলেদের আইপিএল দল পরিচালনা করবে জেএসডব্লিউ গ্রুপ এবং মেয়েদের ডব্লিউপিএল দল পরিচালনা করবে জিএমআর স্পোর্টস। ফলে এই দুই বছর দিল্লি ক্যাপিটালস নারী দলের দায়িত্বে থাকবেন জয়াবর্ধনে।

এর আগে সর্বশেষ আইপিএল (২০২৬) পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জয়াবর্ধনে। মজার বিষয় হলো, খেলোয়াড় হিসেবে ২০১২ ও ২০১৩ সালে এই দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) হয়েই নিজের শেষ আইপিএল খেলেছিলেন তিনি।

এদিকে জয়াবর্ধনেকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি আগের ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাও এবং বোলিং কোচ মুনাফ প্যাটেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে জিএমআর স্পোর্টস।

নতুন দায়িত্বে জয়াবর্ধনের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (২১ নভেম্বর) থেকে, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগে। সেখানে দুবাই ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হিসেবে তিনি পাশে পাচ্ছেন সাবেক স্বদেশি সতীর্থ লাসিথ মালিঙ্গাকে। এরপর আগামী ৭ জানুয়ারি ভারতে শুরু হতে যাওয়া ডব্লিউপিএলে দিল্লি নারী দলকে শিরোপা জেতানোর মিশনে নামবেন তিনি। ডব্লিউপিএলের আগের চার আসরেই ফাইনালে উঠে রানার্সআপ হয়েছিল দিল্লি।