স্যান্ডপেপার-গেট বিতর্কে ইতি টানতে স্বাধীন ফোরাম গঠন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
স্যান্ডপেপার-গেট বিতর্কে ইতি টানতে স্বাধীন ফোরাম গঠন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপার-গেট বিতর্কে ইতি টানতে স্বাধীন ফোরাম গঠন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যান্ডপেপার-গেট বিতর্কে ইতি টানতে স্বাধীন ফোরাম গঠন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের আলোচিত ‘স্যান্ডপেপার-গেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারির দীর্ঘদিনের বিতর্কে ইতি টানতে নতুন উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওই সফরে থাকা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কথা শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে বোর্ড।

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, নতুন করে কোনো তদন্ত বা কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই ফোরাম গঠন করা হচ্ছে না। বরং সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন সম্পূর্ণ গোপনীয়, নিরাপদ ও সম্মানজনক পরিবেশে নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা। এতে অংশ নেওয়া সবার জন্য ঐচ্ছিক থাকবে,কাউকে জোর করা হবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, “প্রায় এক দশক ধরে ওই ঘটনার রেশ অস্ট্রেলিয়ান ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে আছে, যা মূল খেলা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। এই বিতর্ক থামানো এখন জরুরি। এই ফোরামের উদ্দেশ্য অতীত নিয়ে নতুন করে কাদা ছোড়াছুড়ি করা নয়, বরং যারা নিজেদের কথা বলতে চান তাদের সুযোগ দেওয়া এবং আমাদের তা শোনা।”

অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঐক্য ফিরিয়ে আনতে এবং সামনের মৌসুমের খেলায় মনোযোগ দিতে সবাইকে এই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, সিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টড গ্রিনবার্গ স্বীকার করেছেন যে ২০১৮ সালে কেপটাউনে কী ঘটেছিল, তা নিয়ে সম্প্রতি নানা ধরনের পরস্পরবিরোধী বক্তব্য শোনা যাচ্ছে, যা ক্রিকেটের জন্য অস্বস্তিকর। তিনি বলেন, “সে সময়কার সংস্কৃতির দায় বোর্ডও এড়াতে পারে না। এই ঘটনা যে কষ্ট ও ক্ষত তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে এবং সবাইকে নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ দিতেই এই স্বাধীন ফোরামের উদ্যোগ।”

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল বিশ্ব ক্রিকেটে। ওই ঘটনার আট বছর পরও তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ায় পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।