স্বল্প পুঁজিতেও প্রোটিয়াদের চাপে রাখার লক্ষ্য ছিল শান্তদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
স্বল্প পুঁজিতেও প্রোটিয়াদের চাপে রাখার লক্ষ্য ছিল শান্তদের

স্বল্প পুঁজিতেও প্রোটিয়াদের চাপে রাখার লক্ষ্য ছিল শান্তদের

স্বল্প পুঁজিতেও প্রোটিয়াদের চাপে রাখার লক্ষ্য ছিল শান্তদের

পুঁজি মাত্র ১১ রানের, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২। এমন অসম এক লড়াইয়ে ম্যাচ জেতার বাস্তবতা না থাকলেও অন্তত প্রোটিয়া শিবিরে তিনটি আঘাত হানার ছক কষেছিল বাংলাদেশ। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ফুটে উঠল সেই অপূর্ণ পরিকল্পনার কথাই।

ছোট লক্ষ্য তাড়া করতে নামা স্বাগতিকদের শুরুতেই ধাক্কা দিয়েছিল সফরকারী বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই একটি সাফল্য ধরা দেয় বাংলাদেশের হাতে। পরের ওভারেই পেসার এবাদত হোসেনের ডেলিভারিতে স্টাম্প উপড়ে গিয়েছিল এইডেন মার্করামের। তবে আম্পায়ারের ‘নো বল’-এর সংকেতে সে যাত্রায় জীবন পান এই প্রোটিয়া ওপেনার। এরপর আর কোনো বিপদ ঘটতে না দিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের সুপ্ত ইচ্ছার কথা গোপন রাখেননি টাইগার দলপতি। শান্ত বলেন, ‘কোনো আক্ষেপ নেই। তবে এই রানের মধ্যেই তিনটি উইকেট নেওয়ার ইচ্ছা ছিল। দুটি উইকেট নিয়েও ফেলেছিলাম, পরে নো বল হলো। তবে মাত্র ১১ রান নিয়ে আপনি কোনো আক্ষেপ করতে পারেন না।’

বোলিংয়ের পাশাপাশি দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও মূল্যায়ন করেছেন অধিনায়ক। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘টপ অর্ডারে ধস নামার পরও হৃদয় ও লিটন ভাই যেভাবে ব্যাটিং করেছেন, তাতে আমি খুবই খুশি। তামিমও ভালো ব্যাটিং করেছে। আমাদের ব্যাটিংয়ে ইতিবাচক হতে হবে। শুধু রান করার কথা ভাবলে হবে না। নতুন বল সামলাতে হবে। তবেই পরবর্তী সময়ে ব্যাটিং করা সহজ হয়ে যায়।’

এই পরাজয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামী সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আবারও মাঠে নামবে বাংলাদেশ।