মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা

মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা

মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা

নারী রাইজিং এশিয়া কাপে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ এ নারী দল। শুক্রবার  ব্যাংককের থার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তান এ নারী দলকে ৫৪ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইশমা তানজিম ও শামীমা সুলতানা উদ্বোধনী জুটিতে ১৯ রান যোগ করেন। শামীমা করেন ১৩ রান এবং দলীয় ৩৯ রানে ১২ রান করে আউট হন ইশমা। এরপর শারমিন সুলতানা ১৫ রান করে ফিরলে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

এই পরিস্থিতিতে হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন। তার দায়িত্বশীল ৪০ রানের ইনিংসেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। লতা মন্ডলের সঙ্গে চতুর্থ উইকেটে ৩১ রানের জুটি গড়ে তোলেন তিনি, যদিও লতার ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে বাংলাদেশ এ নারী দল।

পাকিস্তানের হয়ে হাফসা খালিদ ২টি উইকেট নেন। এছাড়া ওয়াহিদা আকতার, মমিনা রিয়াসাত, আনুশা নাসির ও ওমাইমা সোহাইল একটি করে উইকেট শিকার করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তান এ নারী দল। মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। বাংলাদেশের বোলারদের শৃঙ্খলিত আক্রমণে ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন সানজিদা আকতার মেঘলা। তিনি ৩.৬ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। অধিনায়ক ফাহিমা খাতুন নেন ২ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট তুলে নেন।

দাপুটে এই জয়ে নারী রাইজিং এশিয়া কাপে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এ নারী দল। আগামী ২২ ফেব্রুয়ারি ফাইনালে ভারত এ নারী দলের মুখোমুখি হবে তারা। এখন শিরোপা জয়ের অপেক্ষায় টাইগ্রেসরা।