হ্যামস্ট্রিংয়ের চোটে অভিষেক ম্যাচই শেষ পাথিরানার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
হ্যামস্ট্রিংয়ের চোটে অভিষেক ম্যাচই শেষ পাথিরানার

হ্যামস্ট্রিংয়ের চোটে অভিষেক ম্যাচই শেষ পাথিরানার

হ্যামস্ট্রিংয়ের চোটে অভিষেক ম্যাচই শেষ পাথিরানার

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু প্রতীক্ষিত অভিষেকটা খুব একটা দীর্ঘ হলো না মাথিশা পাথিরানার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাত্র আট বল করেই মাঠ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কান এই গতি তারকাকে।

দ্বিতীয় ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় পাথিরানাকে। নিজের প্রথম ওভারে ৭ রান দেন এই স্লিংগার পেসার। তবে দ্বিতীয় ওভারের প্রথম বল করার পরই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন তিনি। মাঠেই শুয়ে পড়েন এবং দ্রুত চিকিৎসকের সহায়তা নিতে হয়।

ফিজিওর চিকিৎসার পর আরেকটি বল করার চেষ্টা করলেও পুরো গতিতে বল করতে পারেননি পাথিরানা। পরে অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত নিজের দ্বিতীয় ওভারে মাত্র দুই বল করেই থেমে যায় তার অভিষেক।

কেকেআরের হয়ে পাথিরানার অভিষেক ঘিরে ছিল বড় প্রত্যাশা। আইপিএল নিলামে ১৮ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। তবে চোটের কারণে শুরু থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফিটনেস সমস্যায় ভুগেছেন পাথিরানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের মাঝপথে মাঠ ছাড়ার পর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি।

আইপিএলে খেলতে আসার আগেও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে তাকে ক্যালফ ইনজুরির ফিটনেস পরীক্ষা উতরাতে হয়। কেকেআরের প্রথম চার ম্যাচের পর অনুমতি মিললেও একাদশে সুযোগ পাননি তিনি। অবশেষে গুজরাটের বিপক্ষে মৌসুমের দ্বাদশ ম্যাচে সুযোগ পেলেও, সেটিও শেষ হলো হতাশায়।