২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি আরসিবি, নতুন মালিকানায় বড় পরিবর্তন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 57 মিনিট আগে
২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি আরসিবি, নতুন মালিকানায় বড় পরিবর্তন

২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি আরসিবি, নতুন মালিকানায় বড় পরিবর্তন

২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি আরসিবি, নতুন মালিকানায় বড় পরিবর্তন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রায় ১.৮ বিলিয়ন ডলার বা ২১ হাজার ৮৫০ কোটি টাকায় কিনে নিয়েছে একদল বিনিয়োগকারীর কনসোর্টিয়াম। এই দলে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনসহ আরও কয়েকটি বড় করপোরেট গ্রুপ। টি-টোয়েন্টি এই জমজমাট আসর শুরুর ঠিক কয়েকদিন আগে এমন ঘোষণা ক্রিকেট বিশ্বে বেশ আলোড়ন তুলেছে।

ব্রিটিশ মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিয়াজিওর ভারতীয় ইউনিট ইউনাইটেড স্পিরিটস লিমিটেড ১৬৬.৬ বিলিয়ন রুপিতে (প্রায় ১.৭৭ বিলিয়ন ডলার) দলটি বিক্রি করেছে। নতুন মালিকানায় থাকা কনসোর্টিয়াম জানিয়েছে, আরসিবির দায়িত্ব নিতে পেরে তারা গর্বিত এবং দলটিকে মাঠের ভেতরে ও বাইরে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিনিয়োগকারী গোষ্ঠীতে ব্ল্যাকস্টোন ছাড়াও রয়েছে বোল্ট ভেঞ্চারস, যা পরিচালনা করেন ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, ভারতের টাইমস অব ইন্ডিয়া গ্রুপ এবং আদিত্য বিরলা গ্রুপ। তারা আরসিবির চ্যাম্পিয়ন মানসিকতা, বেঙ্গালুরুর সঙ্গে গভীর সংযোগ এবং বিশ্বের অন্যতম আবেগী সমর্থকগোষ্ঠীকে বড় সম্ভাবনা হিসেবে দেখছে।

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের প্রধান নির্বাহী প্রবীণ সোমেশ্বর বলেন, এই চুক্তি তাদের মূল ব্যবসা—পানীয় খাতে আরও মনোযোগী হয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে, বিক্রির ঘোষণার কয়েক ঘণ্টা পরই আরসিবি জানায়, গত বছরের শিরোপা উদযাপন ঘিরে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে নিহত সমর্থকদের স্মরণে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১টি আসন খালি রাখা হবে।

গত জুনে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে শিরোপা জয়ের পরদিন ট্রফি প্যারেডে অংশ নিতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১৪ থেকে ২৯ বছর বয়সী ১১ জন সমর্থকের মৃত্যু হয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আরসিবির নারী দলও দ্বিতীয়বারের মতো উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ক্লাবটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।