ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 9 সেকেন্ড আগে
ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে

ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে

ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার সৈরাজ বাহুতুলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

খেলোয়াড়ি ও কোচিং দুই ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বাহুতুলের। ভারতের হয়ে তিনি ২টি টেস্ট ও ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। প্রায় দুই দশকের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬ হাজার ১৭৬ রান করার পাশাপাশি ৬৩০টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

কোচ হিসেবে বিদর্ভ, কেরালা, গুজরাট ও বেঙ্গল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন বাহুতুলে। এছাড়া আইপিএলে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

ভারতের ক্রিকেটার তৈরির ধারাবাহিক প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারত দলের বোলিং কোচ ছিলেন তিনি। ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও কোচিং স্টাফের সদস্য ছিলেন। পাশাপাশি ভারত ‘এ’ দল এবং জাতীয় দলের সঙ্গে একাধিক দায়িত্ব পালন করেছেন বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (বর্তমানে সেন্টার অব এক্সেলেন্স) এর কোচিং কাঠামোর অংশ ছিলেন বাহুতুলে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বাহুতুলে বলেন, “ভারতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল গর্বের বিষয়। কোচ হিসেবে আবারও ভারতীয় ক্রিকেটে অবদান রাখার সুযোগ পাওয়াটা বিশেষ অনুভূতির। আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং সব সংস্করণে দলের সাফল্যে ভূমিকা রাখতে মুখিয়ে আছি।”